ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন
- আপডেট সময় : ০৯:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 31
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম তাঁকে বিজয়ী ঘোষণা করেন। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকে বিজয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য হয়েছিল।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।
যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন চারজন। গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে লড়াই করা অন্য চার প্রার্থীর মধ্যে ছিলেন জামায়াতের দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন নির্বাচন অনুসন্ধান কমিটির সদস্য, বিচারিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এছাড়া নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের জন্য চারজন বিদেশি পর্যবেক্ষকসহ মোট ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষকের উপস্থিত থাকার কথা ছিল।






















