আটলান্টায় উৎসবমুখর পরিবেশে জর্জিয়া সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশনের ইফতার ও নৈশভোজ সম্পন্ন
- আপডেট সময় : ০২:০০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 195
মীর আহাম্মদ মীরু, জর্জিয়া, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম শীর্ষস্থানীয় সামাজিক সংগঠন ‘জর্জিয়া সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন (GSCO)’-এর উদ্যোগে আয়োজিত ইফতার ও ডিনার মাহফিল অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৭ মার্চ, ২০২৬, মঙ্গলবার আটলান্টার ডরাভিলে অবস্থিত জনপ্রিয় জমজম রেস্টুরেন্টে (Zam Zam Restaurant) এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। মাহফিলটি প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় এক খণ্ড বাংলাদেশে পরিণত হয়।
স্থানীয় কমিউনিটির এই বর্ণাঢ্য আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- জর্জিয়া শাখার শীর্ষ নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জর্জিয়া বিএনপির সভাপতি শাহনেওয়াজ হোসেন, সাধারণ সম্পাদক এস এম রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল মুন্না-সহ দলের অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে এবং প্রবাসী সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে এক চমৎকার সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়। আরো উপস্থিত ছিলেন মোঃ ফজলে রহমান চৌধুরী, মোঃ স্বপন, বেলাল পারভেজ, মোঃ ভূঁইয়া নূর, মীর আহাম্মদ, আবু ফারাহ ইকবাল, আতিক মাসুদুর রহমান, মোঃ হাসান (বাছির), এ কে এম খান, মোঃ মাসুদ, আছিরুল হক এবং শাহনূর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত রোজাদাররা পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। ইফতারের আগ মুহূর্তে বিশ্ব মুসলিম উম্মাহ ও বাংলাদেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর সকল উপস্থিত সদস্য ও অতিথিবৃন্দ একসাথে ইফতার করেন এবং মাগরিবের নামাজ আদায় শেষে প্রীতিভোজ বা নৈশভোজে অংশ নেন।
সংগঠনের সভাপতি মোহন জব্বার এবং সাধারণ সম্পাদক উত্তম দেব উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “পবিত্র রমজানের মহিমা ছড়িয়ে দিতে এবং প্রবাসে আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই সন্ধ্যাকে সার্থক করে তুলেছে।


























