আসন্ন ‘বিপিজেএ’ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী একেএম মহসিন
- আপডেট সময় : ০৩:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / 397
বিডিসংবাদ প্রতিবেদকঃ
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)-এর আসন্ন কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২৬) নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও অভিজ্ঞ নেতা সিনিয়র সাংবাদিক একেএম মহসিন। তিনি ইতোপূর্বে সংগঠনটির চারবার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে ফটোসাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

বিগত সময়ে একেএম মহসিন তার কর্মজীবনে ফটোসাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় পদক, প্রশিক্ষণ, প্রদর্শনী, প্রতিযোগিতা, সার্ক দেশগুলোর সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রাম, জেলা কমিটি গঠন, কল্যাণ ও বিনোদনমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছেন। বিপিজের অফিস বরাদ্দসহ সার্বিক উন্নয়নের ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আগামী দিনে আরও বড় উদ্যোগ নিতে চান বলে জানান, যার মধ্যে রয়েছে – পেশাদার ফটোসাংবাদিকদের জন্য জাতীয়ভাবে মর্যাদাপূর্ণ একটি প্রতিষ্ঠান গড়ে তোলা, নিউজ ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতা চালু করা, “ম্যান অব দ্য ইয়ার” ও “ম্যান অব দ্য মান্থ” পুরস্কার পুনরায় চালু করা, বিপ্লবে আহত ফটোসাংবাদিকদের সহায়তা প্রদান এবং ঐতিহাসিক গণআন্দোলনের ছবি সংরক্ষণ ও প্রদর্শনী আয়োজন।

এছাড়া, ফটোসাংবাদিকদের জন্য সরকারি চাকরির সুযোগ সৃষ্টি, দেশ-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা, এসোসিয়েশনের ওয়েবসাইট পুনরায় চালু করা এবং সংগঠনের স্থায়ী অফিস বরাদ্দ নিশ্চিত করাও তার অগ্রাধিকার তালিকায় রয়েছে।

তিনি সকল সহকর্মীর সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, “আমি সবসময় ফটোসাংবাদিকদের অধিকার ও মর্যাদা আদায়ে কাজ করেছি এবং আগামীতেও করব। এই সংগঠনকে একটি পেশাদার ও শক্তিশালী জাতীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা ও ভোট প্রয়োজন।“
আগামী ৮ই ফেব্রুয়ারি বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২৬) নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে একেএম মহসিন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিডিসংবাদ/এএইচএস




















