আহত শ্রমিকদের সন্তানদের শিক্ষার খরচ বহন করবে সরকার: শ্রমমন্ত্রী
- আপডেট সময় : ০৫:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 2
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, শ্রমিকদের সার্বিক কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শনিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৪তম পরিচালনা বোর্ড সভায় অনুমোদিত আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অসুস্থ ও দুর্ঘটনায় আহত কিংবা নিহত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শ্রমিকদের চিকিৎসা নিশ্চিতকরণ, তাদের সন্তানদের মানসম্মত শিক্ষা প্রদান এবং সামগ্রিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, এই আর্থিক সহায়তা শ্রমিকদের বিপদের দিনে পাশে থাকার সরকারি অঙ্গীকারেরই অংশ। রিকশাচালকসহ বিভিন্ন পেশার শ্রমিকেরা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করে এই সহায়তা গ্রহণ করতে পারেন। জেলা প্রশাসন ও নিজ নিজ ইউনিয়নের মাধ্যমে আবেদন করলে যাচাই-বাছাই প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর হবে। মন্ত্রী জানান, এ সহায়তা শ্রমিকদের দুর্দিনে তাদের পাশে থাকার প্রতি সরকারের অঙ্গীকারের প্রতীক।
মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আশার কথা শুনিয়ে মন্ত্রী বলেন, আর্থিক সংকটের কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা মাঝপথে থমকে না যায়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের পরীক্ষার ফলাফল ও যোগ্যতা যাচাই সাপেক্ষে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এর মূল লক্ষ্য হলো—এই মেধাবীরা যাতে ভবিষ্যতে চিকিৎসক ও প্রকৌশলীর মতো দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।
সিলেট জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় শ্রমিক প্রতিনিধি এবং সহায়তা প্রাপ্ত বিভিন্ন শ্রমিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

























