ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বিপর্যয়ের ফলে সমালোচনার শিকার রাশিয়া
- আপডেট সময় : ১১:৪০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / 149
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শনিবার টুইটারে পোস্ট করা একটি গোয়েন্দা আপডেট অনুসারে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন মহল থেকে ক্রমবর্ধমান’ সমালোচনার মুখে পড়েছে। ‘গত দুই সপ্তাহে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ক্রমাগত বিপর্যয়’ এই সমালোচনার কারণ বলে মন্ত্রণালয় জানিয়েছে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক বিপর্যয়ের জন্য যারা যারা সমালোচনা করছেন, তাদের মধ্যে রয়েছে- চেচেন নেতা রমজান কাদিরভ, ওয়াগনার গ্রুপের প্রাইভেট মিলিটারি কোম্পানির মালিক ইয়েভজেনি প্রিগোজিন, রাষ্ট্র-অনুমোদিত টিভি উপস্থাপক, পপ তারকা এবং অতি-জাতীয়তাবাদী সামরিক ব্লগারদের একটি ক্রমবর্ধমান সোচ্চার সম্প্রদায়।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ‘সমালোচকরা সিনিয়র রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তে, সামরিক হাইকমান্ডের দিকেই দৃষ্টি নিবদ্ধ করেছে।’
রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, ক্রাইমিয়াকে রাশিয়ার সাথে সংযোগকারী রেল ও হাইওয়ে সেতুতে একটি ট্রাক বিস্ফোরণে রাস্তার কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণের ফলে ব্রিজ অতিক্রমকারী ট্রেনে থাকা সাতটি জ্বালানি ট্যাঙ্কারে আগুন ধরে যায়।
বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক ক্ষতিগ্রস্ত সেতুটির একটি ছবি টুইট করেছেন, যার ক্যাপশনে লেখা ছিল ‘ক্রাইমিয়া, সেতু, সবে মাত্র শুরু। বেআইনি সবকিছু ধ্বংস করতে হবে, চুরি হওয়া সবকিছু ইউক্রেনে ফেরত দিতে হবে, রাশিয়ার দখলে থাকা সবকিছুকে অবশ্যই বিতাড়িত করতে হবে।’
রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভ এবং দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়াসহ নিজেদের দখলে নেয়ার দাবি করে, এমন এলাকাগুলোতে আক্রমণ কেন্দ্রীভূত করেছে।
বার্তা সংস্থা এপি’র খবরে বলা হয়েছে, খারকিভের মেয়র ইহর তেরেখভ টেলিগ্রামে বলেছেন, শনিবার ভোরে খারকিভের কেন্দ্রস্থলে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়। তিনি বলেন, বিস্ফোরণের ফলে একটি চিকিৎসা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
জাপোরিঝিয়া অঞ্চলের ইউক্রেনের গভর্নর বলেছেন, রুশ বাহিনী শুক্রবার আঞ্চলিক রাজধানীটিতে আরো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেখানে তারা প্রথমবারের মতো ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করেছে।
জাপোরিঝিয়া শহরের অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোতে এর আগের ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪-তে দাঁড়িয়েছে।
বিডিসংবাদ/এএইচএস























