ঈশ্বরদীতে এনসিপির কর্মসূচিতে বাধা ও হুমকির অভিযোগ
- আপডেট সময় : ০৩:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 19
ঈশ্বরদীতে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা ও হুমকির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় এই কর্মসূচি চলাকালে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।
এনসিপির ঈশ্বরদী উপজেলা শাখার নেতাকর্মীরা জানান, তারা পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শান্তিপূর্ণভাবে জনগণের দাবি নিয়ে লিফলেট বিতরণ ও পথসভা করছিলেন। সেই সময় ওমর শেখ শান্ত নামে এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে কর্মসূচি বন্ধ করার চেষ্টা করেন এবং নেতাকর্মীদের নানা ধরনের হুমকি প্রদান করেন। এই ঘটনার ফলে ওই এলাকায় কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, অভিযুক্ত শান্ত আগে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং এখন ছাত্রদলের পরিচয়ে রাজনীতি করছেন।
এ বিষয়ে এনসিপির ঈশ্বরদী উপজেলা সদস্যসচিব সুলতান মাহমুদ বিদ্যুৎ বলেন, দেশের জনগণের ন্যায্য দাবি ও জনস্বার্থে তারা একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। এমন গণতান্ত্রিক আয়োজনে বাধা প্রদান ও হুমকি দেওয়া অগণতান্ত্রিক আচরণের শামিল। তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন জানান, অভিযুক্ত ওমর শেখ শান্ত বিগত সরকারের সময় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং তার এমন কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে ছবিও সংরক্ষিত আছে। বর্তমানে তিনি বিএনপি-ঘেঁষা একটি পক্ষের হয়ে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। তবে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু জানান, তিনি অভিযুক্ত ব্যক্তিটিকে ব্যক্তিগতভাবে চেনেন না, হয়তো তিনি নয়নের সাথেই রাজনীতি করতে পারেন। অভিযুক্ত ওমর শেখ শান্ত ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং বকুলের মোড়ের বাসিন্দা সাইদুল ইসলামের ছেলে। এ বিষয়ে তার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

























