এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল
- আপডেট সময় : ০৮:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 1
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
দুর্দান্ত হ্যাটট্রিক করে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদকে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় উপহার দিয়েছেন। বড় জয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ক্লাবটির কোচ হিসেবে হোসে মরিনহোর ঘরের মাঠে প্রত্যাবর্তনের ম্যাচটিও স্মরণীয় হয়ে থাকল।
ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রও গোল করেছেন। জুড বেলিংহাম দুটি গোলে এ্যাসিস্ট করেছেন। এই তারকা ত্রয়ীর দুর্দান্ত পারফরম্যান্সে মাদ্রিদ বাস্ক অঞ্চলের দলটিকে পুরোপুরি কোণঠাসা করে ফেলে।
গত শনিবার নিজের প্রথম ম্যাচে এস্পানিওলের বিপক্ষে শেষ মুহূর্তে ২-১ গোলের জয় পাওয়া ম্যাচের একই একাদশ মাঠে নামান অভিজ্ঞ পর্তুগিজ কোচ মরিনহো।
মরিনহো বলেছিলেন, দলের সবচেয়ে বড় তিন তারকাকে একই সঙ্গে সেরা ছন্দে খেলানো কঠিন হলেও অসম্ভব নয়। এই ম্যাচ দেখে মনে হয়েছে তিনি সঠিক পথেই এগোচ্ছেন।
এমবাপ্পের প্রশংসা করে মরিনহো বলেন, “এই ছেলেটি অবিশ্বাস্য।” পাশাপাশি রিয়ালের সামগ্রিক পারফরম্যান্সেরও প্রশংসা করেন তিনি, “রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়ার জন্য তাকে সত্যিই ক্ষুধার্ত মনে হচ্ছে। আর আমি এমন একটি দল দেখতে পাচ্ছি, যেখানে কিলিয়ান এমবাপ্পে তার মতোই অসাধারণ হলেও দলটির কথা না বলে পারছি না।”
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ভিনিসিয়াসের শট লক্ষ্যভ্রষ্ট হয়। পোস্টের কাছ থেকে এমবাপ্পের নিচু শট রুখে দেন আলেক্স রেমিরো। অন্য প্রান্তে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া মিকেল ওইয়ারসাবালের শট দারুণভাবে রুখে দেন।
এমবাপ্পের পাস থেকে ভিনিসিয়সের শটও ঠেকান রেমিরো। রিয়াল সোসিয়েদাদের সার্জিও গোমেজের ভলি পোস্ট ঘেঁষে বাইরে দিয়ে যায়।
বিরতির পাঁচ মিনিট আগে গোলের দেখা পায় মাদ্রিদ। ফেডেরিকো ভালভার্দের পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নেন এমবাপ্পে। লা লিগায় গত দুই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ফরাসি এই ফরোয়ার্ড বুদ্ধিদীপ্তভাবে প্রতিপক্ষের মার্কিং এড়িয়ে বলটি উপরের কোনায় পাঠিয়ে মৌসুমে নিজের প্রথম গোল করেন।
রিয়াল মাদ্রিদ টিভিকে অধিনায়ক ভালভার্দে বলেন, “এটা অসাধারণ, অবিশ্বাস্য, এমবাপ্পেকে পাওয়া সত্যিই দারুণ। তার খেলা আমাদের উপভোগ করতে হবে এবং যতটা সম্ভব তার কাছ থেকে সর্বোচ্চটা নিতে হবে। আমাদের তাকে হাজারটা বল দিতে হবে, যাতে সে স্বাচ্ছন্দ্যবোধ করে, গোল করতে পারে এবং খুশি থাকে।”
তবে গত মৌসুমের কোপা দেল রে চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদের বিরতির আগেই সমতায় ফিরে। জব ওচিয়েং বল নিয়ে কিছুটা দেরি করেন এবং তার শট ব্লক হয়ে যায়। তবে বলটি চলে যায় লুকা সুসিচের কাছে। আলভারো কারেরাসের গায়ে লেগে দিক পরিবর্তন করা শটে বল জালে পাঠিয়ে সমতা ফেরান সুসিচ।
ভালভার্দে জানান, দ্বিতীয়ার্ধে প্রেসিংয়ের কৌশলে কিছুটা পরিবর্তন এনেছিল মাদ্রিদ, যার সুফলও তারা পেয়েছে।
উরুগুয়ের এই মিডফিল্ডার বলেন, “তাদের অর্ধে বল ফিরিয়ে আনতে আমাদের বেশ কঠিন লাগছিল… আমরা সেটি সামঞ্জস্য করেছি এবং দ্বিতীয়ার্ধে আমরা অনেক বেশি স্বাচ্ছন্দ্যে খেলেছি।”
দ্বিতীয়ার্ধের শুরুতে আরদা গুলের পাস থেকে এমবাপ্পে বল পান, কিন্তু তার শট ঠেকিয়ে দেন রেমিরো। কিছুক্ষণ পর এমবাপ্পের পরের প্রচেষ্টার সামনে কিছুই করার ছিল না স্প্যানিশ গোলরক্ষকের।
ভালভার্দে ও এরপর বেলিংহামের সমন্বয়ে তৈরি একটি সুন্দর আক্রমণে বেলিংহাম এমবাপ্পেকে বল বাড়িয়ে দেন। এমবাপ্পে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন।
এরপর গোল করেন ভিনিসিয়াস। এতক্ষণ পর্যন্ত নীরব থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে গোলটি পেতে সহায়তা করেন বেলিংহাম। ইংলিশ মিডফিল্ডারের শট ব্লক হলেও তিনি হাল ছাড়েননি। রিয়াল সোসিয়েদাদের বক্সে বলটি পুনরুদ্ধার করে ভিনিসিয়াসের সামনে তুলে দেন। ভিনি সহজেই বল জালে ঠেলে দেন।
গোল করার পর আরও উজ্জীবিত হয়ে ওঠেন ভিনিসিয়াস। নিখুঁত পাসে এমবাপ্পেকে বল বাড়িয়ে দেন তিনি। এমবাপ্পে রেমিরোর মাথার ওপর দিয়ে আলতো করে বল তুলে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।
ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে রেকর্ড মূল্যে রিয়ালে যোগ দেওয়া ইয়ান দিয়োমান্দের জন্য ভিনিসিয়াসকে তুলে নেন মরিনহো। মাঠ ছাড়ার সময় কোচের সঙ্গে আলিঙ্গন করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, দায়িত্ব সফলভাবে শেষ করার তৃপ্তি ছিল তার মুখে।
গত মৌসুমে অক্টোবরে বার্সেলোনার বিপক্ষে ক্লাসিকো জয়ের সময় জাবি আলোনসো তাকে বদলি করায় ক্ষুব্ধ হওয়ার পর থেকেই রিয়ালের মৌসুমের ছন্দ নষ্ট হতে শুরু করেছিল। তবে সম্প্রতি ২০৩২ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি বাড়ানো ভিনিসিয়াস এবার ছিলেন হাস্যোজ্জ্বল।
বিডিসংবাদ/এএইচএস



















