চাকরি থেকে বরখাস্ত ডিবিপ্রধান হারুন-অর-রশীদ
- আপডেট সময় : ০৬:৩৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 0
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন-অর-রশিদকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনে বরখাস্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, হারুন-অর-রশীদ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ ও দায়িত্বে অনুপস্থিত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। আনীত অভিযোগের ভিত্তিতে তাঁকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে কোনো লিখিত জবাব দেননি।
নিয়োগকৃত তদন্ত কর্মকর্তা বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান শেষে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে হারুন-অর-রশীদের বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এই গুরুদণ্ড আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য যে, হারুন-অর-রশীদ ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে অপরাধ ও অপারেশনস বিভাগের দায়িত্বে থাকাকালীন বিভিন্ন সময়ে নানা বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছিলেন। তদন্ত প্রতিবেদনে সব দিক পর্যালোচনা করেই তাঁকে চাকরি থেকে চূড়ান্ত বরখাস্তের এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।























