‘জর্জিয়া বাংলাদেশ সমিতি নির্বাচন ২০২৫’, শামীম–শান্ত প্যানেলের প্রাণবন্ত প্রস্তুতি
- আপডেট সময় : ০৮:৪৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 437
মীর আহাম্মদ মীরু, জর্জিয়া, যুক্তরাষ্ট্র
আসন্ন জর্জিয়া বাংলাদেশ সমিতি নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ নভেম্বর, রবিবার, সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত, জর্জিয়ার গ্লোরিয়া মল (৬৬৭৫ জিম কার্টার বুলেভার্ড, নরক্রস) প্রাঙ্গণে।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় সামাজিক নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রার্থীদের ব্যাপক প্রচারণা, মতবিনিময় সভা এবং বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছেন শামীম–শান্ত প্যানেলের প্রার্থীরা।

“নবীন–প্রবীণ মিলে আমাদের নতুন ভবিষ্যৎ হোক।” এই স্লোগানে একটি শক্তিশালী, দায়িত্বশীল, সেবামুখী এবং অন্তর্ভুক্তিমূলক জর্জিয়া বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলা তাদের মূল লক্ষ্য।
শামীম–শান্ত প্যানেল জানায়, তারা প্রতিশ্রুতিবদ্ধ – কমিউনিটিতে ঐক্য শক্তিশালী করা,
স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা, তরুণ, প্রবীণ ও পরিবারের সাপোর্টে কাজ করা,সম্মানজনক ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি গঠন এবং নতুন দিনের জন্য উদ্ভাবনী এবং মানবিক সেবা তৈরি করা।
প্যানেলের বক্তব্য অনুযায়ী, “আপনাদের সমর্থন ও মূল্যবান ভোট আমাদেরকে এমন একটি টিম হিসেবে কাজ করতে শক্তি দেবে, যারা সবার জন্য, সবার সঙ্গে আন্তরিকতা ও সততার সাথে কাজ করবে।”

সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ হোসেন (শামীম) বলেন, “জর্জিয়ার বাংলাদেশি কমিউনিটিকে আরও সুসংগঠিত, স্বচ্ছ ও বাস্তবমুখী উন্নয়নের পথে নিয়ে যেতে আমরা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছি। আমার লক্ষ্য হচ্ছে কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা, সবাইকে এক প্ল্যাটফর্মে আনা এবং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে নিজের মতামত ও সমস্যাগুলো তুলে ধরতে পারে। আমি বিশ্বাস করি, প্রবাসী বাংলাদেশিদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের সমর্থন আমাকে দায়িত্বশীলভাবে কাজ করার আরও সুযোগ দেবে।”

সাধারণ সম্পাদক পদপ্রার্থী আহমেদ আহসান (শান্ত) বলেন, “আমি দায়িত্ব চাই কাজ করার জন্য। এই কমিউনিটির প্রতিটি সদস্য আমার পরিবারের মতো। কারো চাকরির সমস্যা, কারো পারিবারিক অসুবিধা, কারো আইনি বা সামাজিক সহায়তার প্রয়োজন এখনই সময় একটি কার্যকর টিম গঠন করার, যারা প্রকৃত অর্থেই সেবা দেবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, স্বচ্ছতা, সময়নিষ্ঠতা এবং সবার সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সংগঠনের সেবা আরও বিস্তৃত ও আধুনিক করবো। আমাকে সুযোগ দিন, আপনাদের প্রত্যাশা ও স্বপ্ন পূরণে নিজেকে উৎসর্গ করবো।”

প্যানেলের সহ-সভাপতি প্রার্থী এস. এইচ. রোমেল খান এবং জাহিদ হোসেন শ্যামল জানান, “আমরা জর্জিয়ার প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্নয়নমুখী, সম্মানজনক ও মানবিক একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। আমাদের লক্ষ্য হলো সংগঠনের অভ্যন্তরীণ কাজগুলোকে আরও স্বচ্ছ করা, ইভেন্ট ও কার্যক্রমগুলোকে সুসংগঠিত করা এবং নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়ানো।”
সাংগঠনিক সম্পাদক মোঃ আল এমরান বলেন, “প্রবাসের এই কমিউনিটি আমাদের শক্তি। সেটিকে সংগঠিত ও গতিশীল রাখা আমাদের দায়িত্ব।”
নারী বিষয়ক সম্পাদক মেহেজাবিন নাজ বলেন, “নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণের সুযোগ বাড়াতে আমরা বিশেষ উদ্যোগ নেব।”
সাংস্কৃতিক সম্পাদক নিপা দাস বলেন, “বাংলাদেশি সংস্কৃতিকে তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং আমাদের নতুন প্রজন্মকে শেকড়ের সাথে যুক্ত করা হবে আমাদের লক্ষ্য।”
ক্রীড়া সম্পাদক আরিফ মাছুম এবং দপ্তর সম্পাদক রিদওয়ান পলাশ জানান, “ক্রীড়া, শিক্ষা, সামাজিক ও পারিবারিক সহায়তা সব দিক থেকেই আমরা জর্জিয়ার বাংলাদেশি কমিউনিটিকে আরও শক্তিশালী করতে চাই।”
নির্বাহী সদস্য আমির হোসাইন, আবু তালুকদার, নাজমিয়া মাহতাব জারা, বেলায়েত হোসেন রতন এবং সৈয়দ মাহবুবুল আলম যৌথভাবে বলেন, “আমরা সবাই মিলে এমন একটি কমিউনিটি চাই যেখানে থাকবে সম্মান, সহযোগিতা, স্বচ্ছতা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। শামীম–শান্ত প্যানেল সেই উন্নয়নযাত্রার নেতৃত্ব দিতে প্রস্তুত।”
জর্জিয়া বাংলাদেশ সমিতি নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রবাসীদের আশা এই নির্বাচনের মাধ্যমে আসবে দক্ষ, সৎ এবং দায়িত্বশীল নেতৃত্ব, যারা প্রবাসী বাংলাদেশিদের জন্য এক নতুন দিনের পথ দেখাবে।

























