জর্জিয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ ‘বৈশাখী মেলা ১৪৩৩’
- আপডেট সময় : ০৭:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 134
প্রবাস ডেস্ক | জর্জিয়া, যুক্তরাষ্ট্র:
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া’-এর উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বৈশাখী মেলা ১৪৩৩’। আগামী ১৪ জুন ২০২৬ (রবিবার) উৎসবমুখর পরিবেশে এই মেলা অনুষ্ঠিত হবে।
জর্জিয়ার লিলবার্ন এলাকায় অবস্থিত বার্কমার হাই স্কুলে (৪০৫ প্লিজেন্ট হিল রোড, লিলবার্ন, জিএ ৩০০৪৭) এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে বিকেল ৪টা থেকে শুরু করে মধ্যরাত ১২টা পর্যন্ত।
প্রবাসের মাটিতে দেশীয় আমেজ ফিরিয়ে আনতে মেলায় থাকছে আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা (Cultural Performances)। পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে বাঙালি ঐতিহ্যের নানা রকম সুস্বাদু খাবার এবং দেশীয় পোশাকের বৈচিত্র্যময় স্টল। মেলায় স্টল বা ভেন্ডর বুকিংয়ের সার্বিক দায়িত্বে রয়েছেন কমিটির দুই সদস্য রিজওয়ান পলাশ এবং আবু তালুকদার।
এবারের মেলাটি জর্জিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য এক অনন্য সম্প্রীতির দৃষ্টান্ত হতে যাচ্ছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার নবনির্বাচিত কমিটির বিজয়ী নেতৃবৃন্দ (বাবুল-হাসান এবং শামিম-শান্ত প্যানেল) সম্মিলিতভাবে এই উৎসব সফল করতে কাজ করছেন। মেলার সার্বিক আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সভাপতি আরেফিন বাবুল এবং সাধারণ সম্পাদক আহমেদ আহসান শান্ত।
এছাড়াও আয়োজনের বিভিন্ন দায়িত্বে নিরলস কাজ করে যাচ্ছেন সহ-সভাপতি সঞ্জয় দাস রিপন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ তুহিন খান, সাংগঠনিক সম্পাদক সাদী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক স্নিগ্ধা দত্ত, জনসংযোগ সম্পাদক মেহেজাবিন নাজ এবং কার্যকরী সদস্য মো. বেলায়াত হোসেন রতন।
আয়োজকদের প্রত্যাশা, কর্মব্যস্ত প্রবাস জীবনের একঘেয়েমি কাটিয়ে উঠতে এবং নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরতে এই ‘বৈশাখী মেলা’ এক সেতুবন্ধন হিসেবে কাজ করবে। জর্জিয়া ও এর আশপাশের শহরে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে এই আনন্দঘন আয়োজনে সপরিবারে উপস্থিত থাকার জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।





















