তেলবাহী জাহাজের দ্বিতীয় নাবিককে গ্রেফতার করেছে সুইডেন
- আপডেট সময় : ০৪:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 25
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
সন্দেহভাজন ভুয়া পতাকাবাহী একটি তেলবাহী জাহাজের দ্বিতীয় এক নাবিককে গ্রেফতার করেছে সুইডেন।
শনিবার দেশটির কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।
জাহাজটি রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ বলে সন্দেহ করা হচ্ছে। জাল নথি ব্যবহারের অভিযোগে এটি তদন্তের আওতায় রয়েছে।
স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গত ১২ মাচ সুইডেনের্র দক্ষিণাঞ্চলের ট্রেলেবোরি শহরের উপকূলে ২২৮ মিটার দীর্ঘ ‘সি আউল-১’ নামের তেলবাহী জাহাজে অভিযান চালায় সুইডিশ কোস্টগার্ড।
জাহাজটি কোমোরোসের পতাকা ব্যবহার করছিল। তবে কোস্টগার্ডের সন্দেহ, ওই পতাকা ছিল ভুয়া।
এ ঘটনায় জাল নথি ব্যবহারের অভিযোগে জাহাজটির ক্যাপ্টেনকে গ্রেফতার করা হয়।
সুইডিশ কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, ‘নতুন একজন ক্যাপ্টেন জাহাজটির দায়িত্ব নেন এবং নতুন পতাকাবাহী রাষ্ট্রের নথি সুইডিশ ট্রান্সপোর্ট এজেন্সিতে জমা দেওয়া হয়। এসব নথিও জাল বলে সন্দেহ করা হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘দ্বিতীয় এক নাবিককে গ্রেফতার করা হয়েছে এবং নতুন প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।’
কোস্টগার্ড জানায়, ‘সি আউল-১’ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত জাহাজ।
এছাড়া জাহাজটির সমুদ্রযাত্রার উপযোগিতা সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগও তদন্ত করা হচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস




















