ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী, প্রবাসীদের উল্লাস
নিউইয়র্কের প্রথম সম্ভাব্য মুসলিম মেয়র জোহরান মামদানি, উৎসবে বাংলাদেশি কমিউনিটি
- আপডেট সময় : ০৬:০০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ১৯৭০
- / 246
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো মেয়র পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে যাচ্ছেন একজন মুসলিম জোহরান মামদানি।
ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ প্রার্থী নিউইয়র্ক সিটির রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। ২৪ জুন রাত ১১টায় ঘোষিত ৯১% ভোটের ফলাফলে মামদানী পেয়েছেন ৫০% ভোট, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর এন্ড্রু কুমো পেয়েছেন মাত্র ৩৬% ভোট।

এই বিজয়ে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি সহ পুরো মুসলিম কমিউনিটির মধ্যে বইছে আনন্দের জোয়ার। মধ্যরাতেই জ্যাকসন হাইটস, ব্রঙ্কসের পার্কচেস্টার, ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এবং জামাইকা এলাকায় প্রবাসী বাংলাদেশিরা আনন্দ মিছিল করেছেন।

আগামী ৫ নভেম্বরের সাধারণ নির্বাচনে মামদানীর প্রতিদ্বন্দ্বী হবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র এরিক এডামস এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। যদিও নিউইয়র্ক সিটি মূলত ডেমোক্র্যাটিক ভোটে প্রভাবিত, তবুও রাজনৈতিক সমীকরণে একটি চমক আসতে পারে। কারণ অনেক রিপাবলিকান ভোটার এবার মুসলিম প্রার্থীকে ঠেকাতে এরিক এডামসকে ভোট দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি জয় মানেই সাধারণত মেয়র নির্বাচনে জয় নিশ্চিত বলে মনে করা হয়। তবে এবার নতুন সমীকরণে দেখার বিষয় শেষ হাসি হাসবেন জোহরান মামদানি, না কি এরিক এডামস!

নির্বাচনে তার এ বিজয় মুসলিম কমিউনিটিকে যেমন গর্বিত করেছে, তেমনি নিউইয়র্কের বৈচিত্র্যময় রাজনীতিতে একটি শক্ত বার্তা দিয়েছে প্রতিভা, প্রজ্ঞা ও কমিউনিটির প্রতিনিধিত্ব এখন ধর্ম-বর্ণ ছাড়িয়ে বৃহত্তর নাগরিক স্বীকৃতির ভিত্তিতে বিচার্য।


























