নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন: ডিআইইউ ও ইউএই দূতাবাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার
- আপডেট সময় : ০৯:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 43
নিজস্ব প্রতিবেদক | ঢাকা:
নারীর নেতৃত্ব বিকাশ, উদ্ভাবন এবং পরিবর্তনশীল বিশ্বে নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দূতাবাসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ সেমিনার।
মঙ্গলবার (২৮ জুলাই) ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড: লিডারশিপ, ইনোভেশন অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। বৈশ্বিক প্রেক্ষাপটে নারীর অংশগ্রহণ, উদ্যোক্তা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের বিভিন্ন দিক নিয়ে এতে বিস্তারিত আলোচনা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
সেমিনারে মূল প্রবন্ধ (কীনোট স্পিকার) উপস্থাপন করেন আন্তর্জাতিক বিজনেস কনসালট্যান্ট, স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট এক্সপার্ট ও মাল্টিলিঙ্গুয়াল এন্ট্রেপ্রেনার লরা আকার। তিনি দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতিতে নারীদের সুযোগ কাজে লাগানোর জন্য নেতৃত্ব, উদ্ভাবন, উদ্যোক্তা দক্ষতা, দক্ষতা উন্নয়ন এবং আজীবন শিক্ষার (Lifelong Learning) ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সেমিনারে নারীর ক্ষমতায়নের পাশাপাশি ড্যাফোডিলের আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমের অন্যতম উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহে প্রতিষ্ঠিত ‘ডিআইইউ আরএকে’ (DIU RAK) ক্যাম্পাসের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হয়। উল্লেখ্য, ২০২৪ সালে বিদেশে শাখা ক্যাম্পাস প্রতিষ্ঠাকারী বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ডিআইইউ এই বিরল স্বীকৃতি অর্জন করে, যা বাংলাদেশ ও ইউএই-এর মধ্যে চলমান একাডেমিক সংযোগের একটি অনন্য উদাহরণ।
আয়োজকরা জানান, এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও তরুণ উদ্যোক্তারা আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বাস্তব দৃষ্টিভঙ্গি জানার চমৎকার সুযোগ পেয়েছেন। নারী নেতৃত্ব বিকাশ, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র সম্প্রসারিত হয়ে শিক্ষার্থী ও গবেষকদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।

























