নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
- আপডেট সময় : ০৬:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / 146
স্পোর্টস ডেস্ক
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টের এই ফরম্যাটের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতল লাল-সবুজের জার্সিধারীরা।
আজ বুধবার নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম লিড নেয় বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ দলের ফরোয়ার্ড মিরাজুল ইসলাম দুর্দান্ত এক ফ্রি কিকে লক্ষ্য ভেদ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ওই মিরাজুলের গোলে শিরোপার গন্ধ পেতে শুরু করে বাংলাদেশ যুবা দল। ৫৫ মিনিটে ব্যবধান ২-০ করেন তিনি।
এরপর রাব্বির গোলে ব্যবধান ৩-০ হয়। ম্যাচের ৭০ মিনিটে গোল করেন তিনি। তবে পরেই এক গোল হজম করে বসেন গোলরক্ষক আসিফ হোসেন। তাতে অবশ্য বড় জয় আটকায়নি। ম্যাচে ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। শেষ বাঁশির আগে আরও এক গোল করে বড় জয় নিয়েই শিরোপার উচ্ছ্বাসে মেতেছেন কোচ একেএম মারুফুল হকের দল। শেষ গোলটি করেন পিয়াস আহমেদ।
বাংলাদেশ এর আগে অনূর্ধ্ব-২০ সাফে রানার্স আপ হয়েছিল। এছাড়া নেপালের মাটিতে বাংলাদেশ ১৯৯৯ সালে সাউথ এশিয়ান গেমসের ফুটবলে স্বর্ণ জিতেছিল। ২০২২ সালে নারী সাফের শিরোপাও বাংলাদেশের মেয়েরা এই নেপালেই জিতেছে। বাংলাদেশ অনূূর্ধ্ব-২০ দল এবারের সাফ শুরু করেছিল গ্রুপ পর্বে এই নেপালের কাছে হেরে। ফাইনালে স্বাগতিকদের হারিয়ে প্রতিশোধ নিল বাংলাদেশের যুবারা।
বিডিসংবাদ/আতে




















