প্যাটেলের বোলিং নৈপুণ্যে কুমিল্লার সংগ্রহ ৮ উইকেটে ১৩০ রান
- আপডেট সময় : ১০:০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
- / 126
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
সিলেট স্ট্রাইকার্স স্পিনার ইংল্যান্ডের সামিত প্যাটেলের ঘুর্ণিতে কুপোকাত বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রানের সংগ্রহ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৪ ওভার বল করে ১৬ রানে মূল্যবান ৩ উইকেট নেন প্যাটেল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং বেছে নেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম ওভারেই কুমিল্লার অধিনায়ক লিটন দাসকে ৮ রানে বিদায় দেন সিলেটের অস্ট্রেলিয়ার পেসার বেন কাটিং।
শুরুতে লিটনকে হারালেও, দলের রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও ইমরুল কায়েস। ৩৫ বলে ৪৭ রান তুলে পাওয়ার প্লেতে দলের স্কোর ৫৩তে নেন তারা।
সপ্তম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে ১৪ রান করা রিজওয়ানকে শিকার করেন স্পিনার ইংল্যান্ডের সামিত প্যাটেল। নিজের পরের ওভারে ৩টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে ৩০ রান করা ইমরুলকে আউট করেন প্যাটেল।
প্যাটেলের ঘূর্ণির মধ্যে রান আউটের ফাঁদে পড়েন ৯ রান করা তাওহিদ হৃদয়। এ অবস্থায় নিজের তৃতীয় ওভারে ওয়েস্ট ইন্ডিজের রোস্টান চেজকে ২ রানে লেগ বিফোর আউট করেন তৃতীয় উইকেট তুলে নেন প্যাটেল। এমন অবস্থায় ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে কুমিল্লা।
দলকে চাপমুক্ত করতে জুটি বাঁধেন জাকের আলি ও পাকিস্তানের খুশদিল শাহ। ১৬তম ওভারে ব্যক্তিগত ৮ রানে ইয়াসির আলির হাতে জীবন পান জাকের। এরপর ষষ্ঠ উইকেটে ৪০ বলে ৩৯ রান যোগ করেন ইয়াসির-জাকের।
২১ রান করা খুশদিলকে ১৮তম ওভারে থামিয়ে জুটি ভাঙেন জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভা। শেষ ওভারে জীবন পাওয়া জাকেরকে ২৯ রানে বিদায় করেন এনগারাভা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রানের সংগ্রহ পায় কুমিল্লা। সিলেটের প্যাটেল ১৬ রানে ৩টি, এনগারাভা ২৫ রানে ২ উইকেট নেন।
বিডিসংবাদ/এএইচএস























