ফাজিলপুরে ‘মরহুম আবুল বাশার চৌধুরী আশ্রয় কেন্দ্র’-এর উদ্বোধন
- আপডেট সময় : ১২:১৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 282
বিডিসংবাদ প্রতিবেদক
ফেনীর ফাজিলপুর গ্রামে মানবসেবার আরেকটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডা. এ বি এম হারুন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) ফাজিলপুরে নুরুন নাহার-মনি দাতব্য ও চক্ষু হাসপাতাল চিকিৎসালয়ের উপরের (৪র্থ) তলায় প্রতিষ্ঠিত ‘মরহুম আবুল বাশার চৌধুরী আশ্রয় কেন্দ্র’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, “ডা. এ বি এম হারুন শুধু একজন চিকিৎসক নন, তিনি একজন সত্যিকারের মানবপ্রেমিক। নিজ গ্রামের মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও দায়বদ্ধতা আমাদের অনুপ্রেরণা দেয়। এই আশ্রয় কেন্দ্র, হেফজখানা, এতিমখানা ও দাতব্য চিকিৎসালয় তাঁর মানবসেবার অসাধারণ নিদর্শন। ফাজিলপুরের মতো গ্রামীণ এলাকায় এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়াতে সহায়তা করবে। প্রশাসনের পক্ষ থেকেও আমরা এমন মানবিক উদ্যোগের প্রশংসা জানাই ও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।”

ডা. এ বি এম হারুন বলেন, “নিজ গ্রামের মানুষের কষ্ট, বিশেষ করে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রয়হীন মানুষের দুরবস্থা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। সেই ভাবনা থেকেই এই আশ্রয় কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছি, যাতে বিপদে মানুষ একটি নিরাপদ স্থান পেতে পারে।”

তিনি আরও উল্লেখ করেন, ফাজিলপুর গ্রামে তাঁর মানবসেবামূলক কার্যক্রম নতুন নয়। এর আগে তিনি নুরুন নাহার-মনি দাতব্য চিকিৎসালয়, আবুল বাশার চৌধুরী হেফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। এসব প্রতিষ্ঠান এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও আশ্রয়ের সুযোগ সৃষ্টি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডা. এ বি এম হারুনের উদ্যোগ সমাজে মানবতার এক উজ্জ্বল উদাহরণ। তাঁর এই কর্মকাণ্ড তরুণ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, সমাজকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।




















