বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের
- আপডেট সময় : ১১:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 1
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
টেস্ট ইতিহাসে বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। শ্রীলংকার সাবেক বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথকে টপকে নয়া রেকর্ড গড়েন স্টার্ক।
ডারউইনে বাংলাদেশের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ১ উইকেট শিকার করেন স্টার্ক। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ওপেনার সাদমান ইসলামকে ২০ রানে সাজঘরে ফেরত পাঠান স্টার্ক। ফলে টেস্টে বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের নয়া রেকর্ড গড়েন তিনি।
১০৬ টেস্টের ২০৩ ইনিংসে ৪৩৪ উইকেট শিকার করেছেন স্টার্ক। ফলে ভেঙ্গে গেছে হেরাথের রেকর্ড। ৯৩ টেস্টে ১৭০ ইনিংসে ৪৩৩ উইকেট নিয়ে আট বছর এই রেকর্ড মালিক ছিলেন হেরাথ। ২০১৮ সালের নভেম্বরে টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানানোর সময় হেরাথের নামের পাশে ছিল ৪৩৩ উইকেট।
স্টার্ক-হেরাথ ছাড়াও টেস্টে বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারে সেরা পাঁচের মধ্যে আরও আছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি ও শ্রীলংকার চামিন্দা ভাস।
আকরাম ১০৪ টেস্টে ৪১৪, ভেট্টোরি ১১৩ টেস্টে ৩৬২ এবং ভাস ১১১ ম্যাচে ৩৫৫ উইকেট শিকার করেছেন।
বিডিসংবাদ/এএইচএস



















