বিরল রেকর্ডে রংপুরের ইতিহাস
- আপডেট সময় : ০৫:৫২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯
- / 223
খেলাধূলা ডেস্কঃ ইতিহাস গড়লেন রংপুর রাইডার্স। টি-২০’র ইতিহাসে তৃতীয়বারের মতো কোনো ম্যাচে ডাবল সেঞ্চুরি হয়েছে।
আজ চিটাগং ভাইকিংসের বিপক্ষে এই কীর্তি গড়েন রংপুরের দুই বিদেশী ব্যাটসম্যান অ্যালেক্স হেলস ও রিলি রুশো। তাদের ডাবল সেঞ্চুরিতে দলের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৩৯ রান।
এর আগে কাউন্টি ক্রিকেট ও আইপিএলে ডাবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে। বিপিএলে প্রথম এই কীর্তি রচিত হলো।
টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার ক্রিস গেইল ফিরে যান মাত্র ২ রানেই। তারপরই আরেক ওপেনার হেলসের সাথে জুটি বাধেন রুশো। এই জুটির চার-ছক্কার তাণ্ডবে দ্রুত রান তুলে রংপুর। প্রথম সেঞ্চুরি করেন হেলস। ৪৮ বলে ১১ বাউন্ডারি ও পাঁচ ছক্কায় শতক করেন তিনি। এরপরই সিকান্দার রাজার বলে সাজঘরে ফিরেন।
রুশো তখন অর্ধশতের পথে ছিলেন। জুটি বাধেন এবি ডি ভিলিয়ার্সের সাথে। কিন্তু মাত্র ১ রান করেই বিদায় নেন তিনি। পরে ক্রিজে আসেন মোহাম্মদ মিথুন। তাকে সাথে নিয়ে কিছুটা পথ চলেন রুশো। ১৫ রান করে রুবেল হকের বলে সাজঘরে ফিরেন মিথুন। তখন শতকের বাকিটা যাত্রা তিনি অতিক্রম করেন নাহিদুল ইসলামের সাথে। ৫১ বলে আটটি বাউন্ডারি ও ছয়টি ছক্কায় সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন তিনি। আর নাহিদ একটি বাউন্ডারি ও ছক্কায় ১১ রানে অপরাজিত ছিলেন।
চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন আবু জায়েদ।
এখন ২৪০ রানের কঠিন টার্গেট নিয়ে মাঠে নেমেছে চিটাগং ভাইকিংস। ক্রিজে আছেন দুই ওপেনার মোহাম্মদ শেহজাদ ও ইয়াসির আলি।
শেহজাদ শুরুতেই ছক্কা হাঁকিয়ে জম্পেশ লড়াইয়ের আভাস দিয়েছেন। এক ওভারে চিটাগংয়ের সংগ্রহ ৯ রান।




















