বিশেষ হেলিকপ্টার কেনা হবে ফায়ার সার্ভিসের জন্য : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯
- / 162
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
জরুরী উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের জন্য বিশেষ ধরনের হেলিকপ্টার কেনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সম্পর্কিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ফায়ার সার্ভিসের জন্য বিশেষ ধরনের হেলিকপ্টার ক্রয় করা হবে, যা দিয়ে উদ্ধার এবং আগুন নিয়ন্ত্রণ দুই কাজই হবে। এছাড়া ফায়ার সার্ভিসকে আরও আধুনিকায়নের কাজ অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিসে কিছু বৈষম্য রয়েছে, এটাও ঠিক করার কাজ অব্যহত রয়েছে। তাদের এখন ঝুঁকি ভাতাও দেওয়া হচ্ছে’।
এ সময় বনানীর এফ আর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধারকাজে ব্যবহৃত হেলিকপ্টারের বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘সেদিনের অগ্নিকাণ্ডটা একেবারে পিক টাইমে ঘটেছিল। ফায়ার সার্ভিস ঝুঁকি নিয়ে কাজ করেছে। তখন ছাদের ওপর অনেক লোক উঠে গিয়েছিল। তাই তাদের উদ্ধার করার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল। সব শক্তি ব্যবহার করে লোকজনকে উদ্ধার করতে চেয়েছিলাম। হেলিকপ্টারে কয়েকজনকে উদ্ধারও করেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য পানিও ঢেলেছিল’।
তিনি আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে ফায়ার সার্ভিস খুব তৎপর ছিল। সময়মতো গাড়ি সেখানে গিয়েছিল। কিন্তু উৎসুক জনতার জন্য উদ্ধারকাজ শুরু করতে ৫ থেকে ১০ মিনিট সময় লেগেছিল’। এ ধরনের ঘটনায় উৎসুক জনতা যেন ভিড় না জমায় সেজন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
























