ভবন সঙ্কটে পাঠদান চলছে বারান্দায়
- আপডেট সময় : ১১:২৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭
- / 201
লক্ষ্মীপুর সংবাদদতাতাঃ লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভবন সঙ্কটে পাঠদান চলছে বারান্দায়। তাছাড়া হালকা বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি জমে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীরা।
অন্যদিকে এমন বেশ কিছু সমস্যার সমাধান না হওয়ায় অনুন্নত রয়ে গেছে হাজিরপাড়া ইউনিয়নের মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়।
এসব সমস্যা থেকে উত্তরণে দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে যথাযথ কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, মান্দারী ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শ্রেণিকক্ষ না থাকায় বারান্দায় বসিয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। এছাড়া হালকা বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি জমে যায়। যা শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে ব্যাপক বিঘ্নঘটাচ্ছে।
মান্দারী ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিন উদ্দিন জানান, ভবন সঙ্কটে দীর্ঘদিন যাবত তার স্কুলের শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত রয়েছে। তিনি জানান, প্রতিবছর শত শত শিক্ষার্থী এ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পড়ালেখা শেষ করছে। অথচ এ বিদ্যালয়ে নেই পর্যাপ্ত বিজ্ঞানাগার ও সামগ্রী।
অন্যদিকে চন্দ্রগঞ্জ থানার ১১নং হাজিরপাড়া ইউনিয়নের মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রশিদ জানান, ভবন সঙ্কটের ফলে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে তার বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। মাঠভরা পানি আর শিক্ষক সঙ্কট সমস্যাও বিদ্যমান রয়েছে।
শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়দের প্রত্যাশা শিক্ষা মানোন্নয়নের জন্য অনতিবিলম্বে এসব সঙ্কট এবং সমস্যা সমাধানে দ্রুত এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ।


























