মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান
- আপডেট সময় : ০৪:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 7
মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে নতুন দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান। নবনির্বাচিত সদস্যরা হলেন ঠাকুরগাঁও-১ আসন থেকে জয়ী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এলিজা জামান। বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টায় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।
এর আগে তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, তবে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। এর আগে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১ অক্টোবর বিএনপি দলীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে এই আসনটি শূন্য হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর এলিজা জামানের নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা আসে।





















