মহেশখালীতে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় তোলপাড়
- আপডেট সময় : ০৭:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 4
কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল নামের ২৮ বছর বয়সী এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ফয়সাল বড় মহেশখালী মধ্যম ফকিরাঘোনা এলাকার মোহাম্মদ বাদশার ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন। মঙ্গলবার সকালে উপজেলার বড় মহেশখালীর পূর্ব ফকিরাঘোনা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, একদল লোক তাকে অমানবিক কায়দায় বেধড়ক পেটানো হচ্ছে।
স্থানীয় তথ্য অনুযায়ী, সোমবার রাতে চোর সন্দেহে ফয়সালকে আটক করা হয়। এরপর থেকে একটি খুঁটির সঙ্গে বেঁধে তার ওপর দীর্ঘ সময় ধরে বর্বর নির্যাতন চালানো হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত কয়েক দফা এই নির্যাতন অব্যাহত ছিল। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতান জানান, পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছে। এই পৈশাচিক ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

























