মেহেরবের ঝড়ে মালয়েশিয়াকে ১৫৯ রানের লক্ষ্য দিল এইচপি
- আপডেট সময় : ০৪:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 2
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। শুরুতে জাওয়াদ আবরারের ঝড়ের পর শেষ দিকে অধিনায়ক এস এম মেহেরব হোসেনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার জিসান আলম ৭ বল খেলে কোনো রান না করেই ফিরলেও অন্য প্রান্তে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন জাওয়াদ আবরার।
উইকেটের চারপাশে দারুণ সব শট খেলে দ্রুত রান তুলতে থাকেন জাওয়াদ। ১৮ বলে ২৮ রানের ঝলমলে ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল একাধিক বাউন্ডারি।
এরপর আরিফুল ইসলাম ১২ বলে ১৫ রান করে কিছুটা অবদান রাখেন। জাওয়াদের বিদায়ের পর সাব্বির রহমান ও প্রীতম কুমার জুটি গড়ার চেষ্টা করলেও বড় সংগ্রহ গড়তে পারেননি। ৭ বলে ৪ রান করে প্রীতম ফিরে যান দলের ৬৫ রানে। সাব্বিরও ১২ বলে ১৪ রান করে বিদায় নেন।
মাঝের ওভারে রান তোলার গতি কিছুটা কমে গেলেও শেষ দিকে সেটি পুষিয়ে দেন আবদুল গাফফার সাকলাইন ও মেহেরব। দুজনের জুটিতে আবারও গতি পায় বাংলাদেশের ইনিংস। সাকলাইন ২৬ বলে ৩২ রান করে আউট হন। এরপর আবু হায়দার রনি ৩ বলে ১ রান করে ফিরলেও মেহেরব চালিয়ে যান আক্রমণ।
শেষ দিকে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলের স্কোর বাড়াতে থাকেন এইচপি অধিনায়ক। রাকিবুল হাসান ৪ বলে ৪ রান করে ১৪৭ রানের মাথায় আউট হওয়ার পর মেহেরবও ইনিংসের শেষ ওভারের আগের ওভারে সাজঘরে ফেরেন।
আউট হওয়ার আগে মাত্র ২২ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন মেহেরব। তার ব্যাটিংয়ের সুবাদেই শেষ দিকে দ্রুত রান যোগ করে ১৫০ পেরোয় বাংলাদেশ।
শেষ পর্যন্ত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ এইচপি। মৃত্যুঞ্জয় চৌধুরী ৫ বলে ৯ রান করে অপরাজিত থাকেন।
মালয়েশিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন বিজয় উনি। তিনি বাংলাদেশের তিনটি উইকেট তুলে নেন। ফলে ম্যাচ জিততে মালয়েশিয়াকে করতে হবে ১৫৯ রান।
বিডিসংবাদ/এএইচএস




















