সংবাদ শিরোনাম ::
যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ
- আপডেট সময় : ১২:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 0
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টার পর দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে পরপর ৩ থেকে ৪টি বিস্ফোরণ ঘটলে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দের পর এলাকায় শোরগোল পড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক সালাউদ্দিন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার তদন্ত করছেন এবং বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কয়েক দফা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। বর্তমানে পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে এবং সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।






















