রাবিতে সাংবাদিকদের ওপর হামলা
- আপডেট সময় : ১১:১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 2
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ক্ষোভ বাড়ছে। গত রবিবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকরা হামলার শিকার হওয়ার ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজুসহ বেশ কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে উত্তপ্ত ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এ হামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের, জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল এবং শিক্ষা জীবন শেষ করা ব্যক্তিদের সনদ বাতিলের দাবি জানিয়েছেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বাইরের অছাত্রদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবিও উত্থাপন করেছেন তারা।
পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ জানিয়েছেন, উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বর্তমানে ক্যাম্পাসে নেই। ড. রশীদ বলেন, ভিসি ক্যাম্পাসের বাইরে থাকায় তদন্ত কমিটি গঠন করা সম্ভব হয়নি। তিনি বিকেলে ক্যাম্পাসে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।
এর আগে হামলার পরপরই সাংবাদিকরা দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামীকালকের মধ্যে মামলা করার আশ্বাস পাওয়ার পর সাংবাদিকরা সাময়িকভাবে আন্দোলন থেকে সরে এসেছিলেন। তবে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে পুনরায় মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছেন তারা। এছাড়া দুপুর ১২টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার নিশ্চিত করার আল্টিমেটামও দিয়েছেন সাংবাদিকরা।

























