শামা ওবায়েদ: হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত
- আপডেট সময় : ০৬:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 4
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বিষয়ে ভারত কোনো শর্ত দেয়নি বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ভারতের পক্ষ থেকে দুটি শর্তের কথা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
প্রতিবেদনটির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, এই প্রতিবেদনের কোনো ভিত্তি নেই এবং এটি সরকারের কোনো দায়িত্বশীল পর্যায় থেকে আসেনি। এ ধরনের প্রতিবেদন যে কেউ তৈরি করতে পারে। তিনি আরও বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে আমরা তা গ্রহণ করব বা জবাব দেবো। এর বাইরে অন্য কেউ কোথায় কী লিখল, তা দেখার সময়ও নেই এবং সেটি আমাদের বিষয়ও নয়।’
গত বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে নয়া দিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন। প্রথম শর্ত হিসেবে বলা হয়েছে, শেখ হাসিনা যেহেতু সামরিক উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন, তাই তাকে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াটিও বাংলাদেশ সেনাবাহিনীকেই সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে আকাশপথে বা স্থলপথে যেকোনো উপায়ে তাকে গ্রহণ করার সুযোগের কথা বলা হয়।
দ্বিতীয় শর্তে বলা হয়েছে, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশ সরকারকে সেই নিশ্চয়তা প্রদান করতে হবে। তবে এসব শর্তের বিষয়ে বাংলাদেশের কোনো পর্যায়ে ভারত সরকার কোনো প্রস্তাব দিয়েছে কি না, এমন সরাসরি প্রশ্নে শামা ওবায়েদ কঠোরভাবে নাকচ করে দিয়ে বলেন, ‘নো, নট অ্যাট অল। আমাদের সঙ্গে এ বিষয়ে তাদের কোনো কথাই হয়নি।’



















