সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
- আপডেট সময় : ০৯:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 0
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রের কলাবুনিয়া এলাকার দুর্গম পাহাড়ে সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে জেএসএস ও ইউপিডিএফের সশস্ত্র কর্মীদের মধ্যে এই গোলাগুলি শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে থেমে থেমে গুলিবিনিময় চলে। দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় এলাকাটিতে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। তবে গোলাগুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উদ্বেগ দেখা দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, শনিবার দুপুর ১টার দিকে কলাবুনিয়ার পাহাড়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। দুর্গমতার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও যৌথ নিরাপত্তা বাহিনী কাজ করছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখন পর্যন্ত উভয় পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী এলাকাটিতে শান্তি ও শৃঙ্খলা ফেরাতে তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।

























