সার্ক পুনরুজ্জীবিত করার আহ্বান বাংলাদেশের
- আপডেট সময় : ০৪:৫৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 7
সার্ককে পুনরায় সক্রিয় ও কার্যকর করার লক্ষ্যে ভুটানের সমর্থন চেয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভুটানের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভুটান বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক বিষয়টি এ সময় স্মরণ করা হয়। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুসংহত ও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
এছাড়া, দুই দেশের পারস্পরিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পে বাংলাদেশ থেকে পেশাজীবী, দক্ষ ও আধা-দক্ষ জনবল পাঠানোর বিষয়েও বৈঠকে আগ্রহ প্রকাশ করা হয়। প্রায় এক ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে অবস্থান করেন ভুটানের প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















