সেপ্টেম্বরের এমপিও বিল জমার নতুন সময়সীমা ও নির্দেশনা জানালো কারিগরি শিক্ষা অধিদপ্তর
- আপডেট সময় : ০১:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 10
কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর ২০২৬ মাসের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষে প্রতিষ্ঠান প্রধানদের আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে অনলাইনে বিল সাবমিট করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) অধিদপ্তরের এমপিও শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সীমা নির্ধারণ করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের এমপিও বিল জমা দেওয়ার জন্য ‘টেমিস’ সফটওয়্যারে নির্দিষ্ট অপশন উন্মুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের তাদের নিজ নিজ আইডি দিয়ে লগইন করে ‘মান্থলি স্যালারি সাবমিশন’ মেন্যুতে গিয়ে নির্ধারিত নিয়মে বিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিল সাবমিট করার বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
এমপিওর তথ্য হালনাগাদ করার বিষয়ে নির্দেশনায় বলা হয়, কোনো শিক্ষক-কর্মচারীর চাকরির অবস্থার পরিবর্তন হলে তা অবশ্যই অনলাইনে এন্ট্রি করতে হবে। যদি কোনো কর্মী মৃত্যুবরণ করেন, অবসরে যান বা পদত্যাগ করেন, তবে ‘নন-গভর্নমেন্ট এমপ্লয়ি ইএফটি এমপ্লয়ি স্ট্যাটাস চেঞ্জ’ অপশনে গিয়ে তার তথ্য আপডেট করতে হবে। এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা শৃঙ্খলাজনিত কারণে কারো বেতন কর্তন বা স্থগিতের প্রয়োজন হলে বিল সাবমিটের সময় তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
ইএফটি কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। কোনো ধরনের ভুল তথ্যের কারণে শিক্ষক-কর্মচারীদের এমপিও প্রাপ্তিতে জটিলতা বা সমস্যা তৈরি হলে এর সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে বলে অধিদপ্তর সতর্ক করে দিয়েছে।
























