হবিগঞ্জে বাবার মৃত্যু: মানসিক ভারসাম্যহীন ছেলে আটক
- আপডেট সময় : ০৬:৩৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 3
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের আঞ্জাবাড়ি গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শাহাবুদ্দিন মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিজ বাড়িতে প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে তার ছেলে ইয়াফিন মিয়াকে (২১) আটক করেছে পুলিশ। হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছেলের হাতে শাহাবুদ্দিন মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন মিয়া দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় ছিলেন। তার সংসারে ছয় ছেলে ও এক মেয়ে রয়েছে। অভিযুক্ত ইয়াফিন পরিবারের চতুর্থ সন্তান। স্থানীয় ইউপি সদস্য জয়নাল মিয়ার তথ্যমতে, ইয়াফিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এছাড়া পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তিনি প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা বাইরে থাকায় ইয়াফিন ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই শাহাবুদ্দিনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
নিহতের বড় ছেলে বাড়িতে এসে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তীতে শিবপাশা বাজার এলাকা থেকে অভিযুক্ত ইয়াফিনকে আটক করে পুলিশ।
আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল জানান, নিহতের স্ত্রীর কাছ থেকে ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরদেহটি সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


























