হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশ নারী ইমার্জিং দলের
- আপডেট সময় : ১১:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 1
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
হার দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ নারী ইমার্জিং দল। আজ সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে ৮ উইকেটে হারের লজ্জা পায় বাংলাদেশ।
পিটারমারিজবার্গে প্রথমে ব্যাট করে ওপেনার সাথী রানির হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে বাংলাদেশ। দলের হয়ে ৫৬ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন সাথী। এছাড়া মিষ্টি সাহা ৩৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন। দক্ষিণ আফ্রিকার মিয়ানি স্মিত-লুয়ান্ডা এনজুজা- ওয়াইনগার্ড ও আলেক্সজান্দ্রা ক্যান্ডলার ১টি করে উইকেট নেন।
জবাবে ২ রান তুলতেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার ইয়াসমিন খানকে ব্যক্তিগত ১ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাঁ-হাতি স্পিনার ফাতেমা জাহান। এরপর দ্বিতীয় উইকেটে ১০০ বলে ১৪৬ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার জয়ের পথ সহজ করে দেন ওপেনার ক্যান্ডলার ও ফে টুনিক্লিফ।
৪৯ বলে ৮২ রান তুলে বাংলাদেশ পেসার হাবিবা ইসলাম পিংকির শিকার হন টুনিক্লিফ। অন্যপ্রান্তে ক্যান্ডলার ৬৫ ও স্মিত ৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
ফাতেমা ৩৩ রানে ও পিংকি ২৭ রানে ১টি করে উইকেটন নেন। আগামী ৯ আগস্ট ডারবানে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে দু’দল। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ নারী ইমার্জিং দল।
বিডিসংবাদ/এএইচএস



















