১৫৬ ম্যাচের দীর্ঘ অপেক্ষার পর অধিনায়ক বুমরাহ
- আপডেট সময় : ০২:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 0
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
২০১৩ সালের এপ্রিলে আইপিএল অভিষেক হয় জাসপ্রিত বুমরাহর। সেই থেকে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে তিনি শুধু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলছেন, হয়ে উঠেছেন দলটির প্রতীক। এক যুগের বেশি সময় পর দলটিতে যোগ হলো তার নতুন পরিচয়, অধিনায়ক!
পাঞ্জাব কিংসের বিপক্ষে বৃহস্পতিবার পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের নেতৃত্ব দিতে নামেন বুমরাহ। প্রতিযোগিতাটিতে ১৫৬ ম্যাচ খেলে ফেলার পর, নেতৃত্বের অভিষেক হলো ৩২ বছর বয়সী ভারতীয় পেসারের। কোনো দলকে নেতৃত্ব দিতে বুমরাহর চেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে কেবল একজনকে। ২০০ ম্যাচ খেলার পর নেতৃত্বের অভিষেক হয় ভারতীয় অলরাউন্ডার রভিন্দ্রা জাদেজার।
প্রথমবারের মতো মুম্বাইকে নেতৃত্ব দিতে পারার উচ্ছ্বাস টসের সময় লুকাননি বুমরাহ। তিনি জানান, “হ্যাঁ, ভালো লাগছে। এখানে ১৯ বছর বয়সে এসেছিলাম আমি। কখনও ভাবিনি যে, মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেওয়ার আগে টেস্ট অধিনায়ক হব।”
ভারতকে তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বুমরাহ, তিনটিই তখনকার নিয়মিত অধিনায়ক রোহিত শার্মার অনুপস্থিতিতে। ২০২২ সালের ইংল্যান্ড সফরে একটি ও ২০২৪-২৫ বোর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্টে অধিনায়কত্ব করেন বুমরাহ।
মুম্বাইয়ের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এবারের আসরে প্রথম ৯ ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনিই। চোটের কারণে তার অনুপস্থিতিতে পরের দুই ম্যাচে অধিনায়কত্ব করেন সুরিয়াকুমার ইয়াদাভ। এই ব্যাটসম্যান ব্যক্তিগত কারণে পাঞ্জাবের বিপক্ষে খেলতে না পারায় দায়িত্বটি পান বুমরাহ।
আইপিএলের ১৯ বছরের পথচলায় মুম্বাই ইন্ডিয়ান্সই প্রথম দল, এক আসরে যাদের নেতৃত্ব দিচ্ছেন তিন জন ভারতীয় ক্রিকেটার।
২০০৮ সালে উদ্বোধনী আসরেও মুম্বাইকে নেতৃত্ব দিয়েছিলেন তিন ক্রিকেটার; কিন্তু তাদের সবাই ভারতের ছিলেন না। সেবার ভারতের হরভজন সিং (৩ ম্যাচ), শচীন টেন্ডুলকার (৭ ম্যাচ) ও দক্ষিণ আফ্রিকার শন পোলক (৪ ম্যাচ) দলটির অধিনায়কত্ব করেন।
এছাড়া এক আসরে তিন অধিনায়ক ছিলেন আরও তিনটি দলের- ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্স (অ্যাঞ্জেলো ম্যাথিউস, রস টেইলর, অ্যারন ফিঞ্চ), ২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদ (ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, মানিশ পান্ডে) ও ২০২৪ সালে পাঞ্জাব কিংস (শিখার ধাওয়ান, স্যাম কারান, জিতেশ শার্মা)।
নেতৃত্বের অভিষেকে চার ওভারে ৩৫ রান দিয়ে কোনো উইকেট পাননি বুমরাহ। আগে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ২০০ রানের পুঁজি গড়ে পাঞ্জাব।
বিডিসংবাদ/এএইচএস


















