প্রিমাডলার ও অগ্রণী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
- আপডেট সময় : ০৩:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮
- / 365
বিডিসংবাদ ডেস্কঃ প্রিমাডলার ও অগ্রণী ব্যাংক বাংলাদেশের রপ্তানিকারকদের আন্তর্জাতিক বাণিজ্যে অর্থসংস্থানে পারস্পারিক সহযোগিতা করতে সম্মত হয়েছে। এই মর্মে এক যৌথ চুক্তিতে স্বাক্ষর করেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মাদ শামস-উল ইসলাম এবং প্রিমাডলার গ্রুপ, ইউকে-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব টিম নিকোল।
অগ্রণী ব্যাংক লিমিটেড -এর পক্ষে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ – জনাব মো: ইউসুফ আলী, জনাব মো: খায়রুল কবির, জনাব মো: এস.এম. নুরুল আহসান এবং মহাব্যবস্থাপক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান জনাব মাহমুদুল আমীন মাসুদ। প্রিমাডলার বাংলাদেশ-এর পক্ষে উপস্থিত ছিলেন নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান জনাব সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, জ্যেষ্ঠ উপদেষ্টা জনাব এমএস সিদ্দিকী এবং প্রধান নির্বাহী জনাব নাসরাত আহমেদ খান।
এই চুক্তির আওতায় এবিএল গ্রাহকরা যে সুবিধাসমূহ পাবেন তা হলো:
১. ওপেন অ্যাকাউন্ট (সেলস কন্ট্র্যাক্ট) সুবিধার মাধ্যমে আন্তর্জাতিক বায়ারদের ডেফার্ড পেমেন্ট অফার করতে পারবেন (৬০, ৯০ ও ১২০ দিন)
২. আন্তর্জাতিক বায়ারদের কোনো এলসি ছাড়াই এবিএল থেকে প্রি-শিপমেন্ট সুবিধা পাবেন
৩. শিপমেন্টের ডকুমেন্ট জমা দিয়ে এবিএল থেকে টাকা নিতে পারবেন
৪. এবিএল প্রিমাডলার-এর সহযোগিতায় বায়াদের কাছ থেকে টাকা আদায়ের সকল দায়-দায়িত্ব ও ঝুঁকি গ্রহণ করবে
এই সমাধানটি বাড়তি ঝুঁকি ছাড়াই বাংলাদেশের রপ্তানিকারদেরকে অন্যান্য দেশের রপ্তানিকারকদের সাথে একই শর্তে ব্যবসায়িক প্রতিযোগিতা করতে সহযোগিতা করবে। পাশাপাশি এলসি ছাড়া রপ্তানি খাতের লেনদেন উভয় পক্ষের জন্যই আরো সহজ, দ্রুত ও সাশ্রয়ী হয়। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের শীর্ষে থাকা এবিএল আগামীতে এই সেবাসমূহ তাদের সকল অনুমোদিত ডিলার শাখাগুলোতে চালু করতে যাচ্ছে।
বর্তমানে ৯০০টিরও অধিক শাখা নিয়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাংক অগ্রণী ব্যাংক লিমিটেড স্থানীয় পর্যায়ে ‘এএএ’ রেটিং অর্জন করেছে। অগ্রণী ব্যাংক লিমিটেড বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে সেবা প্রদানকারী হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত এবং ২০১৭ সালে রপ্তানি খাতে অর্থায়নে ৪ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সহায়তা প্রদান করে।
প্রিমাডলার যুক্তরাজ্য ভিত্তিক একটি আন্তর্জাতিক বাণিজ্যিক অর্থ সংস্থানকারী প্রতিষ্ঠান। এটি যুক্তরাজ্যের প্রধান অর্থ নিয়ন্ত্রক ‘ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি’ কর্তৃক নিবন্ধিত। বাংলাদেশে প্রিমাডলার ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’-এর অনুমোদনক্রমে তার কার্যক্রম পরিচালনা করছে।




















