পাঞ্জাব পরিষদের অধিবেশন শুক্রবার পর্যন্ত মুলতবি
- আপডেট সময় : ১১:৪৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / 176
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
পাঞ্জাব প্রাদেশিক পরিষদের অধিবেশন আগামী শুক্রবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার সিবতাইন খান।
পাঞ্জাবের গভর্নর বালিগ-উর-রহমানের ১৯ ডিসেম্বরের আদেশকে কার্যপ্রণালী ও সংবিধান পরিপন্থী উল্লেখ করে গতকাল মঙ্গলবার তিনি এই ঘোষণা দেন।
একদিন আগে (সোমবার) পাঞ্জাবের গভর্নর পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সদস্যরা মুখ্যমন্ত্রী পারভেজ এলাহীর বিরুদ্ধে পেশ করা অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার জন্য আজ ২১ ডিসেম্বর (বুধবার) প্রাদেশিক পরিষদের অধিবেশন আহ্বান করেছিলেন।
এই ঘটনার জেরেই শুক্রবার পর্যন্ত অধিবেশন মুলতুবীর ঘোষণা দেন স্পিকার।
এর আগে গত শনিবার ইমরান খান জানান, তিনি ২৩ ডিসেম্বর (শুক্রবার) তার দল পিটিআইয়ের নেতৃত্বাধীন পাঞ্জাব ও খাইবার পাকতুনখাওয়া প্রাদেশিক পরিষদ দুটি ভেঙে দেয়ার পরিকল্পনা করছেন।
এই প্রেক্ষাপটে যৌথ বিরোধী দল পিএমএল-এন ও পিপিপি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পিপিপি কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি এবং পিএমএল-কিউ সভাপতি চৌধুরী সুজাত হোসেনের মধ্যে কয়েক দফা বৈঠকের পর তারা প্রাদেশিক পরিষদে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেন।
সূত্র : দ্য নিউজ
বিডিসংবাদ/এএইচএস

























