ইসরাইলের আমন্ত্রণ প্রত্যাখ্যান ২৬ অস্কার তারকার
- আপডেট সময় : ১২:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭
- / 242
এক বছর আগে লিওনার্দো ডিক্যাপ্রিও, ম্যাট ডেমন ও অস্কার মনোনয়ন পাওয়া হলিউডের অন্যান্য তারকাকে বিলাসবহুল ট্রিপে আমন্ত্রণ জানিয়েছিল ইসরাইল, কিন্তু তারা কেউ আমন্ত্রণ গ্রহণ করেননি।
২৬ জন অস্কার চলচ্চিত্র তারকাকে বিনামূল্যে ব্যক্তিগত ভ্রমণের এসব প্রস্তাব দেয়া হলেও কেউ ইসরাইলে যাচ্ছেন না। এটি স্পষ্ট হওয়ার পর ইসরাইলবিরোধী আন্দোলনকারীরা তাদের বিজয় দাবি করেছেন। খবর এএফপির।
২০১৬ সালের অস্কার পুরস্কারের অনুষ্ঠান চলার সময় এক মার্কেটিং কোম্পানির মাধ্যমে এসব প্রস্তাব দেয়া হয়েছিল। প্রতিটি দুই লাখ ডলার মূল্যের গিফট ব্যাগের অংশ ছিল প্রস্তাবটি। ওই গিফট ব্যাগে দেয়া উচ্চমূল্যের বিভিন্ন উপহারসামগ্রীর মধ্যে খুব দামি টয়লেট পেপারও ছিল, যা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছিল।
ইসরাইলবিরোধী আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, ভাবমূর্তি বাড়ানো এবং দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে অবৈধ বসতি নির্মাণের ঘটনাকে খাটো করে দেখানোর জন্য সেলিব্রেটিদের ব্যবহার করার চেষ্টা করছে ইসরাইল। ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অস্কারের চলতি বছরের আসর। এর কয়েকদিন আগে প্রতীয়মান হচ্ছে মনোনয়ন পাওয়া কেউ ইসরাইলের আমন্ত্রণ গ্রহণ করছেন না।
শুধু ‘হাঙ্গার গেমস’ চলচ্চিত্রের তারকা জেনিফার লরেন্স ইসরাইলি প্রস্তাব গ্রহণ করেছেন। তবে নিজের পরিবর্তে পিতামাতাকে পাঠিয়েছেন বলে জানিয়েছে প্রস্তাব দেয়া ওই সংস্থাটি।
‘ইউএস ক্যাম্পেইন ফর ফিলিস্তিনিয়ান রাইটসে’র ইউসেফ মুনাইয়ার বলেন, ‘এটি একটি সাফল্য। কেউ গেছে এ ধরনের কোনো প্রমাণ না পেয়ে আমি খুব খুশি। আমার মনে হয়, ওই অভিনেতাদের ব্যবহার করে ভাবমূর্তি উজ্জ্বল করার ইসরাইলি প্রচেষ্টা বিফলে গেছে।’
এ ছাড়া বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে বা কোনো তারকা তাদের প্রস্তাব গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে কথা বলতে রাজি হয়নি ইসরাইলি পর্যটন মন্ত্রণালয়।


























