খালেদার সাজা প্রসঙ্গে
- আপডেট সময় : ১১:১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭
- / 277
সাজা হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন – দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের দেয়া বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া ওবায়দুল কাদের বলেন, এটা তিনি অন্য কারণে বলেছেন। আমি বুঝি না বিএনপি নেতারা কেন ধরেই নিয়েছেন মামলায় বেগম জিয়ার দণ্ড হবে। এটা এখনও যদির মধ্যে আছে,দণ্ড হলেও হতে পারে।
তিনি আরও বলেন, মামলা যখন হয়েছে দণ্ড হলেও হতে পারে,নাও হতে পারে। আদালত তাকে (বেগম খালেদা জিয়া) খালাসও দিয়ে দিতে পারেন। এটা আদালতের বিষয়,তাই আমি আগাম কিভাবে বলবো তিনি (বেগম খালেদা জিয়া) জেলে যাবেন।
জাতীয় ঈদগাহের গেটের সামনে রোববার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান অভিযান পরিদর্শণ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, মওদুদ সাহেবতো একজন বিজ্ঞ আইনজীবী। তিনি ভালো করেই জানেন, নিম্ন আদালতে একটা রায় হলে,সেই রায়টা হয়তো তিনি (মওদুদ আহমেদ) ভেবেছেন হাইকোর্ট এবং সুপ্রীম কোর্টে করিয়ে চূড়ান্ত রায় হতে সময় নিবেন। এ সময়ের মধ্যে হয়তো নির্বাচনের সময় এসে যাবে। তাই এই বোধ থেকেই হয়তো তিনি এ মন্তব্য করেছেন।


























