‘হানিফ মৃধার মৃত্যুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যাখ্যা দিতে হবে’
- আপডেট সময় : ০১:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
- / 280
সম্প্রতি আশকোনায় র্যাবের অস্থায়ী একটি ক্যাম্পে জঙ্গি হামলার পর র্যাবের হাতে গ্রেফতার মো. হানিফ মৃধার মৃত্যুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, হানিফের পরিবার বলছে, ডিবি পরিচয়ে কয়েকজন লোক গত ২৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়। তার মুক্তিপণ হিসাবে র্যাব কয়েক লাখ টাকাও নিয়েছে পরিবারের কাছ থেকে।
অন্যদিকে র্যাব দাবি, আশকোনায় র্যাবের ফোর্সেস ব্যারাকে আত্মঘাতী হামলার দিন সন্দেহভাজন হিসেবে হানিফকে গ্রেফতার করা হয়। র্যাব অফিসে নেয়ার পর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
মির্জা ফখরুল বলেন, পরিবার ও র্যাবের বক্তব্যের মধ্যে কোনটি সত্য? পরিবারের দাবি সত্য হলে আমরা কোন দেশে বাস করছি। সত্য উদঘাটন করতে হবে। অসংখ্য ঘটনা এমন ঘটছে। এইসব সাজানো নাটক আর কতদিন চলবে?
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাধীনতা সংগ্রামে শহীদ জিয়ার ভূমিকা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক’ এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন আহমেদ মনি, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।


























