টানবাজারের গল্পে পরাণ প্রযোজকের ‘রঙবাজার’
- আপডেট সময় : ০৬:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
- / 254
বিনোদন প্রতিবেদক
তারকা নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাটি প্রযোজনা করে লাইভ টেকনোলজির অন্যতম পরিচালক তামজিদ অতুল আলোচনায় চলে আসেন। দায়িত্ব বেড়ে যায়। ওটিটি কনটেন্ট প্রযোজনায় প্রতিষ্ঠানটির সুনামের ছক ভেঙে বড়পর্দায় সে আবেশ ছড়িয়ে দেয়। সে ধারাবাহিকতায় দুই বছর আগে রাশিদ পলাশের হাতে নির্মিত হয় নারায়ণগঞ্জের টানবাজার এলাকার গল্পে ‘রঙবাজার’। এর চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী। বিষয়টি আজকালের খবরকে নিশ্চিত করেছেন প্রযোজক তামজিদ অতুল নিজে।
বলেন, টানবাজার এলাকার গল্পে ওটিটির জন্য মূলত ‘রঙবাজার’ নির্মিত হয়েছে। ফাইনাল কনটেন্ট হাতে পেলে চিন্তা করবো বড়পর্দার উপযোগী হয়েছে কিনা। বড়পর্দার জন্য উপযুক্ত মনে করলে সেন্সরবোর্ডে জমা দিবো। তবে যা করার শিগগিরই করবো।
এদিকে গণমাধ্যমে নির্মাতা রাশিদ পলাশ অনুযোগ করেছেন, ‘ছবিটি সত্য ঘটনা অবলম্বনে। এ ধরনের গল্প নিয়ে যারা ছবি নির্মাণ করেছেন, তাদের ছবিগুলো একের পর এক সেন্সর বোর্ডে আটকে গেছে। আমিও ভয় পেয়েছিলাম। কারণ স্পর্শকাতর গল্প নিয়ে ছবিটা। যদিও আমি অতিরঞ্জিত কিছু দেখাইনি। তার পরও কথায় আছে, চুন খেয়ে গাল পুড়লে দই দেখলেও ভয় লাগে।’
এশিয়ার বৃহৎ যৌনপল্লী ছিল নারায়ণগঞ্জের টানবাজার। ৪০০ বছরের পুরনো এই পল্লী ১৯৯৯ সালের জুলাইয়ের এক রাতে গুঁড়িয়ে দেওয়া হয়। সেই গল্প নিয়ে ২০২২ সালে নির্মিত হয় ছবিটি। এতে অভিনয় করেছেন শম্পা রেজা, নাজনীন চুমকি, মৌসুমী হামিদ, তানজিকা আমিন, জান্নাতুল পিয়া, লুৎফর রহমান জর্জ, বড়দা মিঠুসহ অনেকে।
বিডিসংবাদ/আতে


























