বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ
- আপডেট সময় : ০৩:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 62
বিডিসংবাদ ডেস্কঃ
“অটিজম ও মানবতা – প্রতিটি জীবনেরই মূল্য আছে” এই বিশেষ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আজ বাংলাদেশে পালিত হচ্ছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, স্নায়ুবৈচিত্র্যের অগ্রগতি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে দেশব্যাপী দিবসটি উদযাপিত হচ্ছে। ২০০৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক ২ এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে ঘোষণার পর থেকে প্রতি বছরই বিশ্বজুড়ে এই বিশেষ দিনটি পালন করা হয়ে থাকে।
দিবসটি উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন বিভাগ এবং অসংখ্য সামাজিক সংগঠন নানামুখী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে।
এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং অটিস্টিক শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও বন্ধুত্বপূর্ণ সমাজ গঠন করা। এই কার্যক্রমগুলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সামাজিক মেলামেশা এবং নতুন অভিজ্ঞতা অর্জনের পথ প্রশস্ত করছে।
চিকিৎসা বিজ্ঞানের মতে, অটিজম কোনো ছোঁয়াচে রোগ নয়, বরং এটি মস্তিষ্কের স্নায়ুকোষের বিকাশজনিত একটি অবস্থা। সাধারণত জন্মের ১৮ মাস থেকে ৩ বছর বয়সের মধ্যে এর লক্ষণগুলো প্রকাশ পায়। অটিস্টিক শিশুরা সামাজিক যোগাযোগ ও মেলামেশায় সমস্যার সম্মুখীন হয়; যেমন চোখের দিকে তাকিয়ে কথা না বলা, একই কাজ বারবার করা বা অতিরিক্ত অস্থিরতা।
বিশেষজ্ঞরা জানান, অটিজমের কোনো একক কারণ নেই। মা-বাবার অধিক বয়স, গর্ভকালীন জটিলতা, দূষণ বা জিনগত কারণে এটি হতে পারে। তবে সঠিক সময়ে উপযুক্ত থেরাপি এবং পরিচর্যা পেলে এই শিশুরা স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে অভাবনীয় উন্নতি করতে পারে।
সরকারি সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্রায় আড়াই লাখ প্রতিবন্ধী শিশু রয়েছে এবং প্রতি ৫০০ শিশুর মধ্যে ১ জন অটিজমে আক্রান্ত। প্রতি বছর এই তালিকায় যুক্ত হচ্ছে আরও প্রায় ১,৫০০ শিশু।
তথ্যে দেখা গেছে, মেয়েদের তুলনায় ছেলেদের অটিজমে আক্রান্ত হওয়ার হার প্রায় আড়াই গুণ বেশি এবং গ্রামাঞ্চলের তুলনায় শহর এলাকায় এই হার কিছুটা বেশি পরিলক্ষিত হচ্ছে। প্রতিটি প্রাণের গুরুত্ব অনুধাবন করে অটিজম আক্রান্তদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করাই আজকের এই দিবসের মূল আহ্বান।



























