আটলান্টায় উত্তর আমেরিকা বিএনপির দুই দিনব্যাপী সম্মেলন সম্পন্ন: প্রবাসীদের ভোটাধিকার ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বারোপ
- আপডেট সময় : ০৯:৪৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 83
নিজস্ব প্রতিবেদক | আটলান্টা, জর্জিয়া
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে উত্তর আমেরিকা বিএনপির দুই দিনব্যাপী বিশেষ কর্মশালা ও সম্মেলন। গত শনি ও রোববার (২৫ ও ২৬ এপ্রিল) অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আয়োজনে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্য এবং কানাডার পাঁচটি প্রদেশের বিএনপি নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দলের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণই ছিল এই সম্মেলনের মূল লক্ষ্য।

ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। আর শেষ দিন বা সমাপনী অনুষ্ঠানে অনলাইন থেকে উপস্থিত হোন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি তাঁর বক্তব্যে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, “সারাদেশে ও প্রবাসে আমাদের যত শুভানুধ্যায়ী আছেন, তাদের সমর্থক বানাতে হবে। যারা সমর্থক আছেন তাদের কর্মী এবং যারা কর্মী হিসেবে কাজ করছেন, তাদের দলের নেতা হিসেবে গড়ে তুলতে হবে। তবেই দল সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী হবে।”

সম্মেলনের ফিতা কেটে আনুষ্ঠানিক সূচনা করেন প্রধান বক্তা এবং বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নির্যাতন ও নিপীড়নের সময় উত্তর আমেরিকা বিএনপির নেতাকর্মীরা যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, তার স্বীকৃতি ও ধন্যবাদ জানাতেই এই কর্মশালার আয়োজন। প্রবাসীদের ত্যাগ ও সংগ্রামের ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দলের অবস্থান আজ আরও সুদৃঢ় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আগামী ২০৩১ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের সরাসরি সম্পৃক্ত করার বিষয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়। প্রধান বক্তা আনোয়ার হোসেন খোকন জানান, কীভাবে অধিক সংখ্যক প্রবাসীকে ভোটার হিসেবে নিবন্ধিত করা যায় এবং তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিশ্চিত করে দলীয় কাঠামোতে আরও বেশি অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে কর্মশালায় সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে জনগণকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচির মতো যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এসে ভোটের কালি মুছে যাওয়ার আগেই তা বাস্তবায়ন করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জর্জিয়া বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদুল খান। স্বাগত বক্তব্যে তিনি বলেন, এই কর্মশালা আগামী দিনে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিএনপির ওপর পৃথিবীর ইতিহাসে বিরল নির্যাতন চালিয়েছে; কিন্তু শহীদ জিয়ার সৈনিকেরা গণতন্ত্র প্রতিষ্ঠায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেছে।

দুই দিনব্যাপী এই সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল প্রবাসীদের জন্য ‘পোস্টাল ব্যালট’ ভোটিং পদ্ধতি। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত নেতৃবৃন্দ এ বিষয়ে তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন। জবাবে সিনিয়র নেতৃবৃন্দ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে দেশের নির্বাচন প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রবাসী বিএনপি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলন উত্তর আমেরিকায় দলের ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


























