দাউদকান্দিতে মাদরাসা নিয়ে অপপ্রচার বন্ধের দাবি কওমী মাদরাসা ঐক্য পরিষদের
- আপডেট সময় : ০৩:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 5
দাউদকান্দি কওমী মাদরাসা ঐক্য পরিষদ মাদরাসা শিক্ষা ও এর প্রতিষ্ঠানগুলো নিয়ে চালানো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বন্ধের জোর দাবি জানিয়েছে। এক লিখিত বক্তব্যে পরিষদের নেতারা বলেন, মাদরাসাগুলো দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির মতো আধুনিক বিষয়গুলোও গুরুত্বের সাথে পড়ানো হচ্ছে, যা শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ভূমিকা রাখে।
কোনো বিচ্ছিন্ন ঘটনার দায় পুরো শিক্ষা ব্যবস্থার ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন ওলামায়ে কেরাম। কোথাও কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে যথাযথ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তারা বলেন, তবে ঢালাওভাবে মাদরাসা নিয়ে নেতিবাচক মন্তব্য শিক্ষার্থীদের নিরাপত্তা ও প্রতিষ্ঠানের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। সত্য ও ন্যায়ভিত্তিক আলোচনার মাধ্যমেই যেকোনো ভুল ধারণা নিরসন করা সম্ভব বলে তারা মনে করেন।
দাউদকান্দি কওমী মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি নাজীর আহমাদ সংবাদকর্মীদের প্রতি তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, যেকোনো অভিযোগ প্রমাণের ভিত্তিতে এবং নিরপেক্ষ তথ্যের আলোকে উপস্থাপন করা জরুরি। ওলামায়ে কেরাম পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে মাদরাসা শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ না হয়।


























