মাটিরাঙ্গায় ফসলের ক্ষতিকর পোকা দমনে ব্যবহার হচ্ছে আলোক ফাঁদ
- আপডেট সময় : ০৮:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 21
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আমন ধানসহ বিভিন্ন ফসলের সুরক্ষা নিশ্চিত করতে ক্ষতিকর পোকামাকড় শনাক্ত ও তা দমনের লক্ষ্যে বিশেষ আলোক ফাঁদ স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে মাটিরাঙ্গা পৌরসভা এবং গোমতি ব্লকে পরীক্ষামূলকভাবে এই ফাঁদগুলো স্থাপন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ব্লকে একযোগে এ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে উপজেলা কৃষি অফিস।
ফাঁদ স্থাপনের পর সেখানে সবুজ পাতা ফড়িং, সাদা পিঠ গাছফড়িং ও আঁকাবাঁকা গাছফড়িংসহ বেশ কিছু ক্ষতিকর পোকার মথ ধরা পড়েছে। একইসঙ্গে ধানক্ষেতের জন্য উপকারী কিছু বোলতাও শনাক্ত হয়েছে। এর মাধ্যমে ক্ষেতে পোকামাকড়ের প্রকৃত উপস্থিতি ও আক্রমণের মাত্রা পর্যবেক্ষণ করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া সম্ভব হবে। এই কার্যক্রমটি মাঠ পর্যায়ে তদারকি করছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নূর। এ সময় স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ জানান, আলোক ফাঁদ প্রযুক্তি ব্যবহার করে অতি সহজে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি ও আক্রমণের ধরন বোঝা যায়। এতে অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহার কমিয়ে সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে ধানসহ অন্যান্য ফসল রক্ষায় কৃষকরা কার্যকর ও দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম হবেন।

























