শ্রীরামপুরে জনসভার অনুমতি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
- আপডেট সময় : ০১:৪৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 1
শ্রীরামপুরে কোর্ট ময়দানে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জনসভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বর সেখানে এই কর্মসূচি পালনের অনুমতি চেয়েছিল কালীঘাট তৃণমূল। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই অনুমতি দিলেও সভার ওপর বেশ কিছু শর্ত আরোপ করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, ওইদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সভা করা যাবে। তবে সভায় জনসমাগম এক হাজারের বেশি হতে পারবে না। এছাড়া, জিটি রোডে কোনো মিছিল করা যাবে না এবং ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা নিশ্চিত করতে হবে।
এর আগে কালীঘাট তৃণমূল দুই হাজার মানুষের উপস্থিতির জন্য আবেদন জানিয়েছিল। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এই আবেদনের বিরোধিতা করা হয়। রাজ্যের যুক্তি ছিল, শ্রীরামপুর কোর্ট ময়দান এলাকাটি বেশ ছোট। মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তা পান বলে নিরাপত্তার খাতিরে ময়দানের কিছুটা অংশ ফাঁকা রাখতে হয়। এমন পরিস্থিতিতে বাকি জায়গায় দুই হাজার মানুষ জমা হলে পদপিষ্ট হওয়ার মতো ঝুঁকি তৈরি হতে পারে।
রাজ্যের এই আপত্তির প্রেক্ষিতে তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা যুক্তি তুলে ধরেন। তিনি আদালতকে জানান, এর আগে ওই একই স্থানে শিল্পী শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতেই আদালত বর্তমান পরিস্থিতির ভারসাম্য বজায় রেখে সভার জন্য ওই শর্তগুলো নির্ধারণ করে দিয়েছে।

























