জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 0
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বরাদ্দের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের এবং জনগণের কল্যাণে ব্যয় করা হয়, তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১১ অক্টোবর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনাসভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় উপস্থিত সরকারি কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রী বলেন, সরকারি দায়িত্ব পালনের সুযোগকে দেশের মানুষের জন্য সেবার মাধ্যম হিসেবে দেখা উচিত। দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে নিয়োজিতরা তুলনামূলক সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন, তাই তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্প, বিদ্যমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে সভায় প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকল্পের অগ্রগতির বিষয়গুলো তুলে ধরা হয়। ভবিষ্যতে মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আবারও আলোচনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেন এবং মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























