স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে সংশয় সংসদীয় কমিটির
- আপডেট সময় : ০৬:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 1
স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি এখনো সম্পন্ন হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব। জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন যেন আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা করে। তবে সব প্রস্তুতির পরেও আগামী বছরের শুরুর দিকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
নির্বাচনের ঝুঁকি ও জটিলতার বিষয়ে ব্যাখ্যা দিয়ে সেলিম রেজা হাবিব জানান, জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো অধিক স্পর্শকাতর। এসব নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত স্বার্থ এবং প্রভাব বিস্তারের প্রবণতা বেশি থাকে। স্থানীয় নির্বাচনে নয়টি ওয়ার্ডের সদস্য, তিনটি সংরক্ষিত নারী সদস্য এবং চেয়ারম্যান পদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি ভোটকেন্দ্রে প্রার্থীদের কর্মী ও সমর্থকদের সরব উপস্থিতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা চ্যালেঞ্জিং হয়। তাই বাহিনীর পূর্ণ প্রস্তুতির বিষয়টি জরুরি বলে তিনি মনে করেন।
বৈঠকে সরকারি ও বিরোধী দলের সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত হয়েছেন বলেও জানান সভাপতি। একই সাথে, বিগত সরকারের আমলে বিদেশি ও দেশি অর্থায়নে নেওয়া যেসব প্রকল্প ‘অপ্রয়োজনীয়’ ও বিতর্কিত ছিল, সেগুলোর অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে অপ্রয়োজনীয় প্রকল্পগুলো বাদ দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে বৈঠকে।

























