ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৪:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 6
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আবু বকর নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুটি একই উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল হক কাজির ছেলে। সে দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করছিল।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে মামা ইমনের সঙ্গে ঢাকা থেকে নানাবাড়ি ছিঠু খানের বাড়িতে বেড়াতে আসে আবু বকর। নতুন পরিবেশে স্বজনদের সঙ্গে সময় কাটানোর এক পর্যায়ে বেলা ১১টার দিকে সে বাড়ির পাশের পুকুরপাড়ে মাছ ধরার দৃশ্য দেখতে যায়। এরপর দীর্ঘক্ষণ তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খুঁজতে শুরু করেন।
খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে শিশুটির নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যে নানাবাড়িতে আনন্দের সময় কাটানোর কথা ছিল, সেখানে এমন আকস্মিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ পুরো এলাকায়।
সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহমেদ পরী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকায় বেড়ে ওঠা আবু বকরের অকাল মৃত্যুতে স্বজনদের মাঝে চলছে কান্নার রোল।























