নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু
- আপডেট সময় : ০৬:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 0
পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) তাদের কেবিন ক্রুদের জন্য নতুন ডিজাইনের পোশাক উন্মোচন করেছে। আগামী ৩১ অক্টোবর থেকে এই পোশাক আনুষ্ঠানিকভাবে চালু হবে। লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইসলামাবাদের নতুন লিজ নেওয়া বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের উদ্বোধনী ফ্লাইটের মাধ্যমেই প্রথমবারের মতো ক্রুরা নতুন এই পোশাক পরে দায়িত্ব পালন করবেন। গত ২২ অক্টোবর পিআইএ আনুষ্ঠানিকভাবে নতুন এই পোশাকের নকশা প্রকাশ করে।
নতুন পোশাকের ডিজাইনার হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার হাসান শেহেরিয়ার ইয়াসিন। ডিজাইনারের মতে, দেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার পোশাক তৈরির সুযোগ পাওয়া এক বিরল গর্বের ও সম্মানের বিষয়। তাঁর নকশায় আধুনিক ফ্যাশনের সাথে পাকিস্তানের নিজস্ব ঐতিহ্য ও আতিথেয়তার ছাপ ফুটিয়ে তোলা হয়েছে। এর আগে গত ১২ বছর ধরে পিআইএ কেবিন ক্রুরা নোমি আনসারির ডিজাইন করা পোশাক ব্যবহার করে আসছিলেন। এতে অংশ নেন দেশটির একাধিক পরিচিত ফ্যাশন ডিজাইনার ও প্রতিষ্ঠান।
দীর্ঘমেয়াদী ব্যবহারের কথা মাথায় রেখে নতুন পোশাকে আরামদায়ক ও বাতাস চলাচলের উপযোগী কাপড় ব্যবহার করা হয়েছে। কেবিন ক্রুরা যেন দীর্ঘ ফ্লাইটে স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারেন এবং অনায়াসে চলাফেরা করতে পারেন, তা নিশ্চিত করা হয়েছে এর কাটিং ও গঠনের মাধ্যমে। করাচিতে আয়োজিত এক প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে এই নকশা চূড়ান্ত করা হয়, যেখানে মাহিন খান, দীপক ও ফাহাদ, জেনারেশন, ইসমাইল ফরিদ, মুনিব নওয়াজ, দীপক পারওয়ানি, ফারাজ মানান ও আমির আদনানের মতো শীর্ষস্থানীয় ডিজাইনাররা অংশ নেন। পিআইএর ভাষ্য অনুযায়ী, দীর্ঘপথের ফ্লাইটে কর্মীদের স্বাচ্ছন্দ্য ও কার্যক্ষমতার কথা বিবেচনায় রেখে পোশাকগুলো তৈরি করা হয়েছে।
পোশাক নির্বাচনের মূল্যায়নে বিচারক হিসেবে ছিলেন খাদি’র সিইও শামুন সুলতান, ডিজাইনার নিলোফার শহীদ, সৌন্দর্য বিশেষজ্ঞ নাবিলা, পাকিস্তান ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইনের ভিসি হিনা তাইয়্যেবা খলিল এবং পিআইএতে ৩৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নাসিম তেহরানি। উল্লেখ্য, পিআইএর পোশাকের ইতিহাসে আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনের দীর্ঘ প্রভাব রয়েছে। ১৯৬৬ সালে ফরাসি ডিজাইনার পিয়েরে কার্দাঁ সংস্থাটির জন্য পোশাক তৈরি করেছিলেন। এছাড়া ১৯৭০-এর দশকে ব্রিটিশ রাজপরিবারের পোশাক ডিজাইনার স্যার হার্ডি অ্যামিসও এর নকশায় অবদান রেখেছিলেন। নতুন পোশাক প্রবর্তনের মাধ্যমে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের নতুন যুগের সূচনা এবং আন্তর্জাতিক রুটে ব্র্যান্ড ইমেজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে পিআইএ। নতুন পোশাক চালুর পাশাপাশি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের উদ্বোধনী ফ্লাইটকে সামনে রেখে আন্তর্জাতিক রুটে নিজেদের নতুনভাবে উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে পিআইএ। এতে সংস্থাটির সেবার আধুনিকায়ন ও ব্র্যান্ড পরিচিতি আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
























