জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগের সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৭:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 0
দেশের রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের শীর্ষ পর্যায়ে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার (২৬ অক্টোবর) এক চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তিনজনের নাম মনোনয়ন দেওয়ার বিষয়টি অবহিত করে। তাদের মধ্যে দুজন বর্তমানে বেসরকারি ব্যাংকের দায়িত্ব পালন করছেন। মনোনীত ব্যক্তিদের তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়ার জন্য পর্ষদকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাহবুব আলম জনতা ব্যাংকের নতুন এমডি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। এছাড়া বেসিক ব্যাংকের এমডি হিসেবে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূরুল হুদা এবং অগ্রণী ব্যাংকের এমডি পদে যমুনা ব্যাংকের ডিএমডি নূর মোহাম্মদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
একইসঙ্গে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খানের বিষয়ে আগের সিদ্ধান্ত পাল্টেছে সরকার। তার অবশিষ্ট মেয়াদ বাতিলের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি আরও এক বছর সোনালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে বিডিবিএল ও রূপালী ব্যাংকের এমডি পদের বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এখনো কোনো মনোনয়ন চূড়ান্ত করেনি।

























