প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন
- আপডেট সময় : ১২:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 4
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর শেষে দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় তদন্ত জোরদার করা হয়েছে। এ ঘটনায় বিমানের নিজস্ব তদন্ত দলের পাশাপাশি সরকারের একাধিক গোয়েন্দা সংস্থাও কাজ করছে। তদন্ত কমিটি মূলত ঘটনার নেপথ্যের তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছে। কেন একটি ত্রুটির ইতিহাস থাকা উড়োজাহাজ ভিভিআইপি সফরের জন্য বেছে নেওয়া হলো, আগের ত্রুটিগুলো সঠিকভাবে মেরামত করা হয়েছিল কি না এবং জাপানের নারিতা বিমানবন্দরে ত্রুটি সারাতে কেন দীর্ঘ সময় নষ্ট হলো—তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তসংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে দেশে ফেরার প্রস্তুতির সময় বিজি-৩৭৭ বিশেষ ফ্লাইটটিতে কারিগরি সমস্যা দেখা দেয়। উড়োজাহাজটির কারিগরি নথি, গত তিন থেকে ছয় মাসের লগবুক এবং রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট প্রকৌশলী দল, নারিতা স্টেশনের কান্ট্রি ম্যানেজার এবং বিমানের মেইনটেন্যান্স কন্ট্রোল সেন্টারের কর্মকর্তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তদন্ত কমিটির প্রথম লক্ষ্য, বিমানের বহরে একাধিক সচল উড়োজাহাজ থাকা সত্ত্বেও কেন এস২-এজেওয়াই নিবন্ধনের উড়োজাহাজটি ভিভিআইপি সফরের জন্য নির্বাচন করা হয়েছিল। এর সক্ষমতা এবং বিকল্প উড়োজাহাজ প্রস্তুত রাখার বিষয়টি কেন বিবেচনায় নেওয়া হয়নি, তা যাচাই করা হচ্ছে। দ্বিতীয় প্রশ্নটি উড়োজাহাজটির উড্ডয়নযোগ্যতার ছাড়পত্র নিয়ে। কার নির্দেশে এবং কী ভিত্তিতে এটিকে উড্ডয়নের উপযোগী ঘোষণা করা হয়েছিল, তা অনুসন্ধান করা হচ্ছে। তৃতীয়ত, নারিতায় মেরামতে অস্বাভাবিক বিলম্ব কেন হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। যেখানে সাধারণত দুই ঘণ্টার মধ্যে সমাধানযোগ্য ত্রুটি সারাতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় লেগেছিল।
জানা গেছে, প্রাক্-উড্ডয়ন পরিদর্শনের পর প্রকৌশলী সাদেকুল ইসলাম উড়োজাহাজটির ছাড়পত্র দিলেও রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লার, ফ্ল্যাপ কমান্ড, বাম পাশের পিটোট হিট ও র্যাম ফ্যানের ত্রুটির সংকেত পাওয়া যায়। এরপর ক্যাপ্টেন ইমামুল উড্ডয়ন বাতিল করে উড়োজাহাজটিকে পার্কিং বে-তে ফিরিয়ে নেন। এই ঘটনার জেরে বিমানের প্রকৌশল বিভাগের পরিচালককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা চার কার্যদিবস থেকে বাড়িয়ে সাত কার্যদিবস করা হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে।



















