আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে এসপি মোহাম্মদ জাহাংগীর আলম গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:১০:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 1
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে হালিশহর জেলা পুলিশ লাইন্সের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ রয়েছে, জাহাংগীর আলম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন এবং শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার সাথে সংশ্লিষ্টদের সাথেও তার সম্পৃক্ততা ছিল। এছাড়া তার বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ ও অত্যন্ত স্পর্শকাতর তথ্য আওয়ামী লীগ নেতাদের কাছে পাচারের গুরুতর অভিযোগও উঠেছে।
পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে আরআরএফ-এর সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন। মামলা হওয়ার পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের একটি দল তাকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার মো. আমিনুর রশিদ জানান, বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় শনিবার রাতে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১০ নভেম্বর অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার দুটি ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, ১১ নভেম্বর তাকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়লে ডিআইজি তা অস্বীকার করেছিলেন। তবে বিষয়টি তদন্তাধীন ছিল বলে জানিয়েছিলেন তিনি। ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জাহাংগীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর বাহিনীতে যোগ দিয়েছিলেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে এবং তিনি বর্তমানে কারাবন্দী রয়েছেন।

























